সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আইনমন্ত্রী আসাদুজ্জামান জানিয়েছেন, সরকার আইন অনুযায়ী সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। রোববার রাজধানীর তেজগাঁওয়ে হোটেল হলিডে ইনে ‘বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনার বিষয়ে আইনগতভাবে যা যা করণীয়, তা আমরা যথাযথ প্রক্রিয়ায় করছি। এ বিষয়ে আবেগ বা অন্য কোনো বিষয়ের চেয়ে আইনের প্রয়োগকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, বিষয়টিকে আইনসংগতভাবেই ডিল করা হবে।
ভারত সরকারের ভূমিকা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, এটি ভারত সরকারের নিজস্ব বিষয়। তবে প্রত্যর্পণ চুক্তির আওতায় আমরা তাদের কাছে অনুরোধ জানিয়েছি। ভারত যদি তাকে আমাদের কাছে হস্তান্তর করে, তবে আমরা আইন অনুযায়ী যথাযথ প্রক্রিয়ায় তাকে সোপর্দ করব।
শেখ হাসিনা ভারতে রাষ্ট্রীয় অতিথি হিসেবে অবস্থান করছেন—এমন মন্তব্যের প্রেক্ষিতে আইনমন্ত্রী বলেন, আমাদের কাছে তিনি অপরাধী। ট্রাইব্যুনাল কর্তৃক সাজাপ্রাপ্ত একজন অপরাধী হিসেবেই তার পরিচয় আমাদের কাছে। ভারত তাকে কীভাবে দেখছে সেটি তাদের বিষয়, কিন্তু আমাদের রাষ্ট্রে ওপেন আদালতে বিচার হয়েছে।
বিচার প্রক্রিয়া নিয়ে কোনো ঘাটতি ছিল কি না, এমন প্রশ্নে মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, আপনারা কি জুলাই গণঅভ্যুত্থানে ১৪০০ মানুষের মৃত্যু বা ৩০ হাজার মানুষের পঙ্গু হওয়ার কথা ভুলে গেছেন? বিচার প্রক্রিয়ায় আমরা কোনো ক্যামেরা ট্রায়াল করিনি, সাক্ষীরাও তাদের সাক্ষ্য দিয়েছেন। ন্যায়বিচারে কোনো রকম ঘাটতি রাখা হয়নি।




