দুর্নীতির কারণে দেশের অনেক সমবায় সমিতি নষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমবায় খাতে দ্রুত স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার তাগিদ দেওয়ার পাশাপাশি তিনি জ্বালানি সংকট মোকাবিলা এবং ভঙ্গুর অর্থনীতির চাকা সচল রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
আজ রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সমবায় অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দানকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
বক্তব্যে সমবায় খাতের গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, সমবায় কেবল কোনো পণ্য উৎপাদন কিংবা ব্যবসায়িক কর্মকাণ্ডের বিষয় নয়। গ্রামীণ অর্থনীতির বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য দূরীকরণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের নানা সম্ভাবনা এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে সমবায়কে এক শক্তিশালী ও কার্যকর হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠা করে স্বাবলম্বী ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার পরামর্শ দেন তিনি।
বিশ্ব পরিস্থিতির কথা উল্লেখ করে রাষ্ট্রপতি আরও বলেন, বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি সংকটসহ জাতীয় অর্থনীতিতে নানা জটিল চ্যালেঞ্জের সৃষ্টি হয়েছে। বিদ্যমান সংকটগুলো মোকাবিলা করে অর্থনীতির গতি স্বাভাবিক রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।




