তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিকদের মজুরি পুনরায় নির্ধারণের লক্ষ্যে সরকার ছয় সদস্যের একটি ‘নিম্নতম মজুরি বোর্ড’ গঠন করেছে। রবিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এই নতুন মজুরি বোর্ডের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
মজুরি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান। বোর্ডের অন্য সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব এবং মালিক পক্ষের প্রতিনিধি আসিফ আইয়ুব, বিজিএমইএ’র পরিচালক এ বি এম শামসুদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার।
শ্রমিকদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ার বিষয়টি উল্লেখ করে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী তাদের সড়ক ছেড়ে কাজে ফিরে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। প্রসঙ্গত, এই ঘোষণার আগে গত শুক্রবার মন্ত্রী শ্রমিক নেতাদের সঙ্গে এবং শনিবার তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সঙ্গে বৈঠক করেন।




