ইরানের দক্ষিণাঞ্চলের কেশম দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে। শনিবার (৭ নভেম্বর) প্রকাশিত তাসনিমের প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিক তথ্যে দ্বীপটিতে দুটি ক্ষেপণাস্ত্রের আঘাতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে এই হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর বিস্তারিত জানানো হবে বলে সংবাদমাধ্যমটি উল্লেখ করেছে।
এর আগে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছিল যে, স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে কেশম দ্বীপের সুজা এলাকায় দুটি বস্তু আঘাত হানার খবর পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দারা দ্বীপটির আকাশে উড়োজাহাজের শব্দ শোনা গেছে বলেও জানিয়েছেন। তবে এই হামলা কে চালিয়েছে, তা এখনো জানানো হয়নি।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানে কোনো সমঝোতা হয়নি বলে যে খবর ছড়িয়ে পড়েছে, তা মিথ্যা ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে কাতারের আন্তর্জাতিক গণমাধ্যম দপ্তর। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, কাতারের প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন যে যুদ্ধ অবসানে একটি চুক্তিতে পৌঁছাতে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই কাজ চালিয়ে যাচ্ছে। ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে কাতারের মধ্যস্থতা প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।




