পশ্চিম তুরস্কের আফিওনকারাহিসার প্রদেশে বৃহস্পতিবার সংঘটিত এক ভয়াবহ বন্দুক হামলায় আটজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও পরে পাশের এসকিশেহির প্রদেশ থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির তথ্য অনুযায়ী, হামলাকারী আয়াজিনি গ্রামের কাছে তিনজনকে এবং কিয়ির গ্রামের কাছে আরও তিনজনকে গুলি করে হত্যা করে। এছাড়া ইউকারিতানদির গ্রামে দুই নারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুজন শিক্ষক রয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, হামলার পর হতাহতদের তিনটি আলাদা গাড়িতে করে উদ্ধার করা হয়। হামলাকারী পালিয়ে যাওয়ার সময় তার ব্যবহৃত একটি গাড়ি কাদায় আটকে পড়ে। এক পর্যায়ে গাড়িটি ফেলে রেখে তিনি পায়ে হেঁটে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তুর্কি গণমাধ্যমে প্রকাশিত সিসিটিভি ফুটেজে কালো জ্যাকেট, সাদা প্যান্ট ও চশমা পরা এক ব্যক্তিকে লম্বা আগ্নেয়াস্ত্রসহ একটি লাল মিনিভ্যানের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
ঘটনার পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে এবং ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। আফিওনকারাহিসার গভর্নরেট সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার পরপরই সংশ্লিষ্ট সব সরকারি সংস্থা সমন্বিতভাবে কাজ শুরু করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।




