নিজস্ব প্রতিবেদক: দেশের প্রথম সারির মেরিটাইম শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম মেরিন একাডেমিতে শিক্ষক মিলছে না। বারবার বিজ্ঞপ্তি দিয়েও পাওয়া যাচ্ছেনা যোগ্য শিক্ষক। আর অভিজ্ঞ শিক্ষকরাও একে একে একাডেমি ছেড়েছেন। এতে মান ধরে রাখার চ্যালেঞ্জে পড়েছে প্রতিষ্ঠানটি।বিশেষ করে সমুদ্রে জাহাজের চাকরিতে মাসে আয় ১৫ লাখ টাকার ওপরে। অথচ ডাঙায় মেরিন একাডেমিতে শিক্ষকতা করলে বেতন জোটে ১ লাখ টাকারও কম! আকাশ-পাতাল এই ব্যবধানের কারণেই চট্টগ্রাম মেরিন একাডেমিতে শিক্ষক মিলছে না বলে জানা গেছে।
জানা গেছে, চট্টগ্রাম মেরিন একাডেমির জনবল কাঠামোয় শুধু প্রফেশনাল শিক্ষক পদ আছে ২০টি। বিপরীতে কর্মরত আছেন মাত্র অর্ধেক। শূন্য পদে বারবার নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েও লোক পাওয়া যাচ্ছে না। সর্বশেষ ২০২৩ সালের বিজ্ঞপ্তিতেও কোনো সাড়া মেলেনি। হাতেগোনা যে কয়েকজন আছেন, তাদের ওপরই সব ক্লাসের চাপ পড়ছে। এতে ব্যাহত হচ্ছে ক্যাডেটদের তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ।মেরিন একাডেমি অ্যালামনাই সদস্যরা বলছেন, সামনে আইএমও অডিট টিম আসার আগে যদি শিক্ষক সংকটের সুরাহা না হয়, তাহলে বড় বিপদে পড়বে বাংলাদেশ।
সংশ্লিষ্ঠদের মতে, বেকারে ভরপুর এই দেশে একটি সাধারণ চাকরির বিজ্ঞপ্তিতে লাখো তরুণের ভিড় জমে। অথচ মেরিন একাডেমির চিত্রটা ঠিক উল্টো। এর প্রধান কারণ, সাধারণ কোনো ডিগ্রিতে এই একাডেমির শিক্ষক হওয়া যায় না। এখানে পড়াতে হলে মাস্টার মেরিনার বা চিফ ইঞ্জিনিয়ারের মতো প্রফেশনাল ডিগ্রি লাগে, দরকার হয় সমুদ্রগামী জাহাজে কাজের অভিজ্ঞতা। যারা এই ডিগ্রি অর্জন করেন, আন্তর্জাতিক অঙ্গনে তাদের ব্যাপক চাহিদা। ডলারে বেতন পান তারা। তাই উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ এই মেরিনাররা ছাড়ছেন মেরিন একাডেমির চাকরি।
জানা গেছে, আন্তর্জাতিক মেরিটাইম সংস্থার (আইএমও) বাধ্যবাধকতা এবং দেশীয় আইন অনুযায়ী মেরিন ক্যাডেটদের প্রশিক্ষণ শুধু দক্ষ ও সনদপ্রাপ্ত মেরিন পেশাদারদের দ্বারাই পরিচালনা করা আবশ্যক। আইএমও নিয়মিতভাবে একাডেমিগুলোর মান নিরীক্ষা করে থাকে। ফলে যোগ্য শিক্ষক না থাকলে একাডেমি ও মেরিনাররা ঝুঁকিতে পড়বেন। মেরিন একাডেমির শিক্ষকদের জন্য একটি স্বতন্ত্র ও বিশেষ বেতন কাঠামো (স্পেশাল পে স্কেল) তৈরির পরামর্শ মেরিনারদের।
বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্যাপ্টেন আনাম চৌধুরী জানালেন, একজন মেরিন ক্যাডেটের পড়ালেখার পেছনে সরকার তিন বছরে কয়েক লাখ টাকা বিনিয়োগ করে। চাকরির শুরুতেই তাদের মাসিক বেতন হয় ৫ লাখ টাকার বেশি। আনাম চৌধুরীর শঙ্কা, দ্রুত এই শিক্ষক সংকটের সমাধান না হলে চট্টগ্রাম মেরিন একাডেমি বড় ঝুঁকিতে পড়বে। প্রথমত, শিক্ষার মান মারাত্মকভাবে নিচে নেমে যাবে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) ‘হোয়াইটলিস্ট’ বা বৈশ্বিক স্বীকৃতি থেকে বাদ পড়ার শঙ্কা তৈরি হবে।
তিনি জানালেন, ২০১২ সালে ফিলিপাইন এমন বিপদে পড়েছিল। কাটিয়ে উঠতে তাদের ৯ বছর লেগেছিল। আর হোয়াইটলিস্ট থেকে বাদ পড়লে এই একাডেমি থেকে পাস করা ক্যাডেটদের কোনো বিদেশি জাহাজে চাকরির সুযোগ থাকবে না। শিক্ষক না পাওয়ার মূল কারণ একেবারেই সরল। একজন মাস্টার মেরিনার বা চিফ ইঞ্জিনিয়ার যখন কোনো বাণিজ্যিক জাহাজে চাকরি করেন, তার মাসিক বেতন ১৫ লাখ টাকার বেশি (১২ থেকে ১৫ হাজার ডলার)। অথচ মেরিন একাডেমিতে যোগ দিলে সরকারি স্কেলে তার বেতন লাখ টাকার অনেক নিচে। মাসে ১৫ লাখ টাকার সমুদ্রে জাহাজের বিলাসবহুল চাকরি ছেড়ে দেশের একাডেমিতে পড়াতে আসতে চান না মেরিনাররা।
মেরিন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন কাজী এ বি এম শামীম বললেন, ইনস্ট্রাকটর নিয়োগের একাধিক বোর্ডে আমি দেখেছি, চার পদের বিপরীতে মাত্র একজন ইন্টারভিউ দিয়েছেন। সেই একমাত্র প্রার্থীকে নিয়োগের সুপারিশ করলেও বেতন কাঠামো বাড়ার আশা না পেয়ে যোগ দেননি। এভাবে চলতে থাকলে তো একাডেমির আন্তর্জাতিক মান ধরে রাখা যাবে না। সবাই মিলে বিপদে পড়ব।




