সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির দুটি নতুন প্রস্তাব অনুমোদন করেছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে গতকাল শনিবার ভার্চুয়ালি অনুষ্ঠিত ২০২৬ সালের ৫১তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে দুটি প্রস্তাব উপস্থাপন করা হলে তা অনুমোদনের সুপারিশ করা হয়।
প্রথম প্রস্তাবে বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে পাঁচ কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর ৯৯(২) বিধি অনুসরণ করে সরাসরি ক্রয় পদ্ধতিতে এই এলএনজি কেনা হবে। প্রস্তাব অনুযায়ী, প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) মূল্য থেকে ০.১৭ মার্কিন ডলার কম নির্ধারণ করা হয়েছে। বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডকে এই ক্রয়ের জন্য সুপারিশকৃত দরদাতা হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া, উভয় পক্ষের সম্মতিতে প্রয়োজনে অতিরিক্ত কার্গো কেনার সুযোগও রাখা হয়েছে।
দ্বিতীয় প্রস্তাবে কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে আরও এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এটি বিদ্যমান দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে কেনা হবে। ২০২৬ সালের ২০ ডিসেম্বর সরবরাহের জন্য নির্ধারিত এই কার্গোর ক্ষেত্রে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম জেকেএম মূল্য থেকে ০.১০ মার্কিন ডলার কম প্রস্তাব করা হয়েছে, যা বিদ্যমান চুক্তিতে উল্লিখিত দরের চেয়ে ভিন্ন। এই প্রস্তাবে কাতার এনার্জি ট্রেডিং এলএলসিকে সুপারিশকৃত দরদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।




