ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবকে লক্ষ্য করে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো মূলত দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া হয়েছিল। তবে জোটের দাবি অনুযায়ী, সবকটি ক্ষেপণাস্ত্রই প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।
জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ত্রাসী হুথি মিলিশিয়াদের ছোড়া ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত ও ধ্বংস করা সম্ভব হয়েছে।
ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী এবং সৌদি-সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর মধ্যে গত মাসে সংঘাতের মাত্রা তীব্র আকার ধারণ করেছে। এই নতুন করে বেড়ে যাওয়া সংঘাতের ফলে জাতিসংঘের মধ্যস্থতায় ২০২২ সাল থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি ভেঙে গেছে। এই পরিস্থিতির কারণে ইয়েমেনের নিরাপত্তা ব্যবস্থা এবং লোহিত সাগরকেন্দ্রিক নৌ-বাণিজ্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।




