বিনোদন ডেস্ক: বাংলার বাউল গান ও লোকঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরতে আগামী ১০ জুলাই যুক্তরাজ্যে শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব’। এ উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দেশের খ্যাতিমান বাউলশিল্পী শফি মণ্ডল। তার সঙ্গে অংশ নেবেন লোকশিল্পী ডলি মণ্ডল।
মঙ্গলবার (৭ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন আয়োজকরা।
তারা জানান, ইউকে ম্যানেজমেন্ট কলেজ (যুক্তরাজ্য), বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থা, উদীচী যুক্তরাজ্য এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়েছে।
কর্মসূচি অনুযায়ী, ১০ জুলাই যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ইউকে ম্যানেজমেন্ট কলেজে উৎসবের উদ্বোধন হবে। এরপর ১৫ জুলাই স্কটল্যান্ডে অনুষ্ঠিত হবে বাউল ও লোকসংগীতবিষয়ক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৮ জুলাই লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটিতে আয়োজন করা হবে আন্তর্জাতিক সেমিনার ও বাউল-লোকসংগীতবিষয়ক কর্মশালা। ১৯ জুলাই লন্ডন টাউন হলে সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এই আন্তর্জাতিক আয়োজন।
উৎসবে শফি মণ্ডল ও ডলি মণ্ডলের পাশাপাশি সংগীত পরিবেশন করবেন সরদার হীরক রাজা ও জোহরা জমি। এছাড়া বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, গবেষক, সংস্কৃতিকর্মী এবং প্রবাসী বাংলাদেশিরাও এতে অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে শফি মণ্ডল বলেন, “লোকসংগীত একটি জাতির সাংস্কৃতিক মেরুদণ্ড। এই উৎসবের মাধ্যমে বাংলাদেশের বাউল দর্শন ও লোকঐতিহ্যকে বিশ্বের মানুষের কাছে আরও বিস্তৃতভাবে তুলে ধরার সুযোগ তৈরি হবে। দেশের সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।”
উৎসবের আহ্বায়ক ও উদীচী যুক্তরাজ্যের সভাপতি গোলাম মোস্তফা বলেন, “লোকসংগীত যুগে যুগে মানবতা, সম্প্রীতি ও জীবনবোধের কথা বলে এসেছে। বাংলার লোকসংগীত বাঙালির সাংস্কৃতিক পরিচয়ের অন্যতম ভিত্তি। আন্তর্জাতিক পরিসরে এই ঐতিহ্যকে তুলে ধরতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
আয়োজকদের প্রত্যাশা, এই উৎসবের মাধ্যমে বাংলার বাউল ও লোকসংস্কৃতি বিশ্বদর্শকের কাছে নতুনভাবে পরিচিত হবে এবং আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্র আরো বিস্তৃত হবে।




