পাকিস্তানের লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত
উদ্ধারকারীরা কোচিং সেন্টারটির ধ্বংসস্তূপ থেকে হতাহত শিশুদের ও ৩০ বছর বয়সী একজন নারী শিক্ষককে উদ্ধার করেন।
মঙ্গলবার বিকালে লাহোরের কাহনা এলাকার এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। নিহত শিশুদের বয়স ৫ থেকে ১৬ বছরের মধ্যে। তবে অধিকাংশের বয়স ৯ বছরের কম।পাঞ্জাব প্রদেশের জরুরি পরিষেবা জানিয়েছে, উদ্ধারকারীরা কোচিং সেন্টারটির ধ্বংসস্তূপ থেকে হতাহত শিশুদের ও ৩০ বছর বয়সী একজন নারী শিক্ষককে উদ্ধার করেন। সেখানে প্রায় ২২ জন শিশু ও ওই নারী শিক্ষক ছিলেন।পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, উদ্ধারকাজ শেষ হওয়ার পর রেসক্যু ১১২২ এর মুখপাত্র এক বিবৃতিতে জানান, ওই নারী শিক্ষক ও আহত আট শিশুকে লাহোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই শিশুদের মধ্যে পাঁচজনের অবস্থা সঙ্কটজনক। পাঞ্জাবের তথ্যমন্ত্রী আজম বোখারি জানান, প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে কোচিং সেন্টারটির নিবন্ধনহীন আর সেটি ব্যক্তিগত মালিকানাধীন এক আবাসিক ভবনের ভেতরে জীর্ণ একটি ছাদের নিচে ছিল।
সন্তান হারানো মায়েদের কান্না। ছবি: রয়টার্স
রয়টার্স লিখেছে, পাকিস্তানে এ ধরনের কোচিং সেন্টার ছড়িয়ে আছে। এসব কোচিং সেন্টারে শিশুরা স্কুল সময়ের বাইরে অতিরিক্ত পাঠ গ্রহণ করে।এক বিবৃতিতে বোখারি বলেছেন, “যদি অবহেলা, অসতর্কতা বা আইন লঙ্ঘন প্রমাণিত হয় তাহলে দায়ীদের কঠোর আইনি পদক্ষেপের মুখোমুখি হতে হবে।” বিবৃতিতে বোখারি জানিয়েছেন, বর্ষা মৌসুমের আগে অনিরাপদ ভবনগুলো জরিপ করতে এবং অনিবন্ধিত কোচিং সেন্টার ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য কঠোর নিয়মকানুন চালু করতে প্রাদেশিক কর্তৃপক্ষগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি শিশুদের মৃত্যু গভীর শোকা প্রকাশ করেছেন এবং এ ধরনের মর্মান্তিক ঘটনা প্রতিরোধে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।




