বিজন কুমার বিশ্বাস,কক্সবাজার: কক্সবাজার সদর এলাকায় সংঘটিত এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় সংবাদ পাওয়ার মাত্র দুই ঘন্টার মধ্যেই মূল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামতও উদ্ধার করা হয়েছে, যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আজ শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টার দিকে নিহত আজিমের বড় ভাই মোহাম্মদ আব্দুল্লাহ কক্সবাজার সদর মডেল থানায় ঘটনার বিষয়ে অবহিত করেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অফিসার ইনচার্জ মো: ছমিউদ্দিনের নেতৃত্বে একটি অভিযানিক দল অভিযানে নামে।
দুপুর আনুমানিক ১টার দিকে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরীপাড়া পাতাবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে মামলার মূল আসামি রবিউল হোসাইন ওরফে রবি (২৬)-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কাঠের বাটাম উদ্ধার করা হয়েছে।
ঘটনার পেছনের কারণ সম্পর্কে পুলিশ জানায়, গত ২ এপ্রিল দুপুরে এনজিওর কিস্তির টাকা নিয়ে আসামি ও ভিকটিম আজিমের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আসামি ঘরের পাশ থেকে একটি কাঠের বাটাম এনে আজিমের মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি।
পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৯ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের পরিবার বিষয়টি সকালে জানতে পেরে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।




