সেলিম উদ্দিন, ঈদগাঁও: কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা থেকে সশস্ত্র ডাকাতদল কর্তৃক অপহৃত দুই মোটরসাইকেল আরোহী তিন ঘন্টা পর মুক্তিপণের বিনিময়ে গভীর রাতে ছাড়া পেয়েছেন।
গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে অপহৃত দু’জনসহ চারজন মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে সশস্ত্র ডাকাতদলের কবলে পড়েন। দু’জন পালিয়ে রক্ষা পেলেও উক্ত দু’জন অপহরণের শিকার হয়।
তারা হলেন- পার্বত্য নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড নারিচ বনিয়া গ্রামের সেকান্দরের পুত্র আব্দুর হাকিম ও ৯ নং ওয়ার্ড তুফান আলী পাড়ার মোস্তাক আহম্মদের পুত্র আব্দুল জব্বর। এরা দুজনেই পেশায় রাবার শ্রমিক।
অপহরণের শিকার জব্বারের পিতা মোস্তাক আহমদ ফিরে আসার বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাকাতদলের দাবিকৃত অর্ধলক্ষ টাকা মুক্তিপণ তাদের কথামত ঈদগাঁও ভোমরিয়াঘোনা বনবিট সংলগ্ন পাহাড়ী এলাকায় বুঝিয়ে দিলে তাদের ছেড়ে দেয়। তিনি আরো জানান, অপহরণ পরবর্তী মারধর করায় দুজনের শরীরে ক্ষতের সৃষ্টি হয়েছে।
ঘটনার পরপর সংবাদ পেয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদারের নেতৃত্বে ঈদগাঁও ও রামু থানার ঈদগড় ফাঁড়ির পুলিশ তাদের উদ্ধারে ঘন্টা ব্যাপী অভিযান চালিয়েও তাদের উদ্ধারে ব্যর্থ হয়েছে।




