আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দেশে এমন একটি স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে সাধারণ মানুষ ন্যায়বিচার পায় এবং বিচার বিভাগের প্রতি আস্থা ও বিশ্বাস ফিরে পায়। শুক্রবার ঢাকা আইনজীবী সমিতির নবীন সদস্যদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। মন্ত্রী বলেন, নবীন আইনজীবীদের মেধা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমেই বিচারাঙ্গনের মর্যাদা সুপ্রতিষ্ঠিত হবে।
আইন পেশাকে একটি সেবামূলক ও পবিত্র পেশা হিসেবে অভিহিত করে মন্ত্রী বলেন, একজন বিপদগ্রস্ত মানুষ আল্লাহর পর আইনজীবীর কাছেই ভরসা নিয়ে আসেন। তাই মক্কেলের বিশ্বাসের মর্যাদা রক্ষা করা আইনজীবীর নৈতিক দায়িত্ব। তিনি নবীনদের পরামর্শ দিয়ে বলেন, আইন পেশায় প্রতিষ্ঠিত হওয়ার কোনো শর্টকাট পথ নেই। মেধা, প্রজ্ঞা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমেই নিজের অবস্থান তৈরি করতে হবে। আদালতে যাওয়ার আগে পর্যাপ্ত প্রস্তুতি ও আইনের গভীর জ্ঞান অর্জন করা অপরিহার্য।
বিচারকদের আইনের ঊর্ধ্বে মনে করার সুযোগ নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, কোনো বিচারকের কর্মকাণ্ডে বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা ক্ষুণ্ন হলে তাঁকেও আইনের আওতায় জবাবদিহি করতে হবে। এছাড়া আদালত অঙ্গনে দলীয় আধিপত্য ও ক্ষমতার দম্ভ পরিহার করে আইনজীবীদের আইনের শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
নবীন আইনজীবীদের পেশাগত চ্যালেঞ্জের বিষয়ে মন্ত্রী বলেন, সনদ পাওয়ার পর পর্যাপ্ত প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের অভাব এবং সিনিয়রদের সঙ্গে কাজ করার ক্ষেত্রে ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত হওয়ার মতো পরিস্থিতি পরিবর্তন করতে হবে। এ লক্ষ্যে চলতি বছর আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আইনজীবীদের প্রশিক্ষণের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি বেসরকারি কোম্পানিতে আইনজীবীদের কর্মসংস্থান বাড়াতে প্রতিটি কোম্পানিতে একজন করে আইনজীবী নিয়োগের বিধান প্রবর্তনের বিষয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলেও তিনি জানান।
পেশাগত স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, একজন আইনজীবী দশটি মামলা পরিচালনা করলে অন্তত দুটি মামলা দরিদ্র মানুষের জন্য বিনা পারিশ্রমিকে পরিচালনা করতে পারেন। বর্তমান সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠা এবং সব ধরনের অন্যায় ও অবিচারের বিচার করতে সরকার বদ্ধপরিকর। বিগত ১৬ বছরে সাড়ে চার হাজারের বেশি সহযোদ্ধা হারানো, সাত শতাধিক গুম এবং ৬০ লাখের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলার বিষয় উল্লেখ করে তিনি বলেন, এসব অবিচারের বিচার নিশ্চিত করতে সরকার কাজ করছে।
ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবসহ সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, বিচার বিভাগীয় কর্মকর্তাবৃন্দ এবং জ্যেষ্ঠ ও নবীন আইনজীবীরা উপস্থিত ছিলেন।




