বশির আহাম্মদ, বান্দরবান: বান্দরবানের মধ্য্যম পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি রেস্টুরেন্ট ও জুস বারসহ অন্তত সাতটি স্থাপনা সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আজ সোমবার(০২ মার্চ) ভোরের দিকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে, ফলে কয়েকটি পরিবার সর্বস্ব হারায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে হঠাৎ আগুন দেখতে পেয়ে এলাকাবাসী চিৎকার শুরু করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
অগ্নিকাণ্ডে একটি জনপ্রিয় জুস বার/রেস্টুরেন্টসহ ছয়টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করছে এবং জরুরি সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছে।
ক্ষতিগ্রস্ত এক বাসিন্দা জানান, “আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে কিছুই বের করতে পারিনি। কয়েক মিনিটের মধ্যেই সব শেষ।”




