বশির আহাম্মদ, বান্দরবান: বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকায় অবৈধ দু’টি ইটভাটায় উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেছে। অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে KBC ও BBM নামের দুটি ইটভাটায় বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। পরিবেশ সংরক্ষণ আইন ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৯-এর সংশ্লিষ্ট ধারায় KBC ইটভাটাকে ৩ লাখ টাকা এবং BBM ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফাইতং ইউনিয়নে অধিকাংশ ইটভাটা শিক্ষাপ্রতিষ্ঠান, লোকালয় ও বনাঞ্চলের কাছাকাছি স্থাপন করা হয়েছে। ফলে ধোঁয়া ও ধুলাবালির কারণে স্কুলপড়ুয়া শিক্ষার্থী ও সাধারণ মানুষ শ্বাসকষ্ট, কাশি, চোখ জ্বালা ও অ্যালার্জিতে ভুগছেন। বিশেষ করে বয়স্কদের মধ্যে হাঁপানি, ফুসফুসের সমস্যা ও হৃদরোগের ঝুঁকি বাড়ছে। পরিবেশবাদীদের মতে, এসব ভাটার ধোঁয়া ও রাসায়নিক নির্গমনের কারণে মাটি উর্বরতা হারাচ্ছে, কৃষি উৎপাদন কমে যাচ্ছে এবং পাখি ও ক্ষুদ্র প্রাণী তাদের প্রাকৃতিক আবাসস্থল হারাচ্ছে। এতে স্থানীয় জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তবে স্থানীয়দের ধারণা, ইটভাটায় জ্বালানি কাঠ সরবরাহ বন্ধ করা গেলে এসব ভাটা বন্ধ করা সম্ভব। এর আগে মহামান্য হাইকোর্টের নির্দেশে ৬টি ইটভাটা গুড়িয়ে দেওয়া হলেও পরে সেগুলো নতুন করে চালু করেছেন মালিকরা।
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন বলেন, বান্দরবান জেলা প্রশাসকের নির্দেশনায় ফাইতং এলাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯-এর ৬ ধারায় দুটি ইটভাটাকে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।




