বিজন কুমার বিশ্বাস, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন সৈকত এলাকায় এক তরুণ ও এক তরুণীর অজ্ঞাত মরদেহ ভেসে এসেছে। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি)সকাল প্রায় ৯টার দিকে সৈকতের উত্তর লম্বরী ও মিটাপানির ছড়া নৌঘাট সংলগ্ন স্থান থেকে মরদেহ দু’টি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সৈকতে হাঁটতে গিয়ে কয়েকজন বাসিন্দা পানিতে ভেসে থাকা দুটি মরদেহ দেখতে পান। পরে বিষয়টি টেকনাফ মডেল থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) আব্দুস সালামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
তিনি বলেন, মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। আইনগত পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত
পুলিশ জানায়,উদ্ধার হওয়া তরুণীর শরীরে কোনো পোশাক ছিল না। তরুণের পরনে ছিল লম্বা প্যান্ট ও জ্যাকেট। মরদেহ দুটি পানিতে দীর্ঘ সময় ছিল বলে ধারণা করা হচ্ছে। তবে এগুলো হত্যাকাণ্ড, দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে মৃত্যু তা এখনও নিশ্চিত করা যায়নি।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকে ধারণা করছেন, মরদেহ দু’টি সাগরের অন্য কোনো এলাকা থেকে ভেসে আসতে পারে।
পুলিশ জানিয়েছে, পরিচয় শনাক্ত ও রহস্য উদঘাটনে তদন্ত জোরদার করা হয়েছে।




