কক্সবাজার প্রতিনিধি: সম্প্রতি পর্যটন নগরী কক্সবাজার শহরে অপরাধ ও ছিনতাই বেড়েই চলছে। এতে রীতিমত আতঙ্কে রয়েছে স্থানীয়সহ পর্যটকরা। গত এক সপ্তাহে বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে কলাতলী মোড় থেকে বাসটার্মিনাল এলাকায়। এসব ঘটনায় আহতও হয়েছেন বেশ কয়েকজন।
পর্যটকদের প্রবেশদ্বারে ছিনতাইয়ের মতো ঘটনা বেড়ে যাওয়ায় প্রশ্ন উঠছে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে। সাধারণ মানুষের পাশাপাশি উদ্বিগ্ন হয়ে পড়েছেন পর্যটন ব্যবসায়ীরা। ছিনতাইয়ের কবল থেকে রক্ষা করতে ‘সাধারণ শহরবাসী’র ব্যানারে হয়েছে মানববন্ধনও।
পুলিশ বলছে, ছিনতাইকারীসহ শহরের পেশাদার অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত হয়েছে। তারপরও হঠাৎ ছিনতাইকারীদের উপদ্রব বৃদ্ধির বিষয়টি তারা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে।
কক্সবাজার হোটেল কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কলিম উল্লাহ বলেন, ছিনতাইকারীর উপদ্রব বৃদ্ধি কক্সবাজারের পর্যটন সেক্টরের জন্য ক্ষতি হবে। তাই হঠাৎ ছিনতাইয়ের উপদ্রব বৃদ্ধির কারণ খুঁজে বের করে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর গিয়াস বলেন, ছিনতাইকারীসহ শহরে বিচরণ করা অপরাধীদের গ্রেপ্তার করতে সাঁড়াশি অভিযান জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে গত দুইদিনে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে ১৫জন ছিনতাকারী রয়েছে। শহরকে অপরাধমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে।




