নিজস্ব প্রতিবেদক: বন্দর নগরী কোতোয়ালী থানার গোয়ালপাড়ায় অবৈধ বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে স্থানীয়দের সাথে রেল কর্তৃপক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে। আহতদের একজন- প্রকৌশলী এনায়েত উল্লাহ বলে জানা গেলেও বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হোসাইন বলেন, আজ সোমবার সকালে গোয়ালপাড়া এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ কাটতে যান রেলওয়ে কর্তৃপক্ষ। এসময় সেখানে প্রায় শ’খানেক মানুষ জড়ো হয়ে যায়। তাদের সাথে স্থানীয়দের বাকবিতন্ডার এক পর্যায়ে হঠাৎ হামলা চালানো হয়। এতে প্রকৌশলী এনায়েত উল্লাহসহ প্রায় ৫ জন আহত হন।
তিনি আরও বলেন, তারা সেখানে যাওয়ার আগে পুলিশকে অবগত করেনি। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।
এ বিষয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের জিএম জাহাঙ্গীর হোসেন বলেন, সকালে রেলওয়ের নিরাপত্তা বাহিনীসহ অবৈধ জায়গায় গড়ে উঠা বস্তিগুলোতে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে যায়। এ এসময় স্থানীয়রা আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের প্রকৌশলী এনায়েত উল্লাহসহ প্রায় ৫ জন আহত হয়। এ ঘটনা মামলা দায়ের করা হবে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম সূত্রে জানা যায়, সেখানে আগেই রেলওয়ে কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে সংযোগ নিয়েছিল। পরে সেখানে কিছু অবৈধ সংযোগ তৈরি হয়। আজ সকালে রেলওয়ে কর্তৃপক্ষ সেখানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে সেখানে গেলে স্থানীয়রা বাধা দেয়।




