লিটন কুতুবী,কুতুবদিয়া: বর্ষা মৌসুমে গেল পূর্ণিমার জোয়ারে কুতুবদিয়া উপকূলের বেড়িবাঁধ ভেঙ্গে জোয়ার ডুকে ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে। এ জোয়ারের প্রভাবে শতশত একর ফসলি জমি ও অর্ধশত ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে পড়েছে। গত ২৩ জুলাই দুপুরে বৈরী আবহাওয়ায় বাতাসের গতিবেগে পূর্ণিমার জোয়ারের সময় স্বাভাবিকের চেয়ে ৪/৫ ফুট উচ্চতা বৃদ্ধি পেয়ে বেড়িবাঁধ ভাঙ্গা এলাকা দিয়ে জোয়ার ডুকে পড়ে লোকালয়ে।
সরেজমিনে ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে দেখা গেছে, আলী আকবর ডেইল ইউনিয়নের বায়ু বিদ্যুৎ এলাকা,কাহারপাড়া,আনিচের ডেইল,জেলেপাড়া বেড়িবাঁধ ভাঙা থাকায় জোয়ারে প্লাবিত হয়েছে বলে আলী আকবর ডেইল ইউপির চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর আলম সিকদার জানান।
তিনি আরো জানান, বায়ু বিদ্যুৎ এলাকায় বেড়িবাঁধ ভেঙ্গে জোয়ার ডুকে লোকালয় ও শতশত একর ফসলি জমি প্লাবিত হচ্ছে প্রতিনিয়তই। বড়ঘোপ ইউনিয়নের রোমাই পাড়া,সাইট পাড়া,উত্তর বড়ঘোপ এলাকায় বেড়িবাঁধ ভেঙ্গে ২০টির অধিক ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে গেছে।
এ সব এলাকার লোকজন চরম দূর্যোগ মোকাবেলা করছে বলে স্থানীয় ইউপির চেয়ারম্যান আবুল কালাম নিশ্চিত করেন। কৈয়ারবিল ইউনিয়নের ঘিলাছড়ি,পরান সিকদার পাড়া,মলমচর বেড়িবাঁধ ভেঙ্গে জোয়ার ডুকে লোকালয় প্লাবিত হয়েছে দাবী করেছেন স্থানীয় ইউপির চেয়ারম্যান আলহাজ আজমগীর মাতবর। দক্ষিণ ধুরুং ইউনিয়নের বাতিঘর পাড়া এলাকায় বেড়িবাঁধ ভাঙা থাকায় জোয়ারে ফসলি প্লাবিত হয়েছে বলে নিশ্চিত করেন স্থানীয় ইউপির চেয়ারম্যান আলহাজ আলা উদ্দিন আল আজাদ। এ ছাড়াও উত্তর ধুরুং ইউনিয়নের চর ধুরুং,কায়ছার পাড়া ও লেমশীখালী ইউনিয়নের পেয়ারাকাটায় জোয়ার ডুকে লোকালয় প্লাবিত হয়েছে। এসব এলাকায় বেড়িবাঁধ ভেঙ্গে গেছেও পাউবো কতৃপক্ষের কাউকে দেখা যায়নি। তাই ক্ষতিগ্রস্ত নিরুপন করা সম্ভব হয়নি।
বড়ঘোপ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপির সদস্য আবদুল মালেক জানান, রোমাইপাড়ার সাইট পাড়া এলাকায় বেড়িবাঁধ ভেঙ্গে জোয়ার লোকালয়ে ডুকে পড়ে। এসব ক্ষতিগ্রস্ত এলাকায় বেড়িবাঁধ এলাকায় ছোট বড় ২৫টি ঘরবাড়ি ভেঙ্গে গেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান।
এদিকে খবর পেয়ে কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ব্যারিষ্টার হানিফ বিন কাসেম, ভাইস চেয়ারম্যান আকবর খান, কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী জোয়ারে প্লাবিত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
পানি উন্নয়ন বোর্ড কতৃপক্ষকে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ জরীপ করে জরুরী ভিত্তিতে মেরামতের জন্য অনুরোধ করেন। তবে দুঃখজনক বিষয় হলো, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ৭১ পোল্ডারের কুতুবদিয়া উপকূলীয় বেড়িবাঁধ রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত কোন কর্মকর্তা, কর্মচারী এলাকায় না থাকার কারণে ক্ষতিসাধনের বিষয় নিরুপন করা সম্ভব হয়নি।




