নিজস্ব প্রতিবেদক>>
নগরীর ডবলমুরিং মডেল থানার ধনিয়ালাপাড়া বায়তুশ শরফ মসজিদের সামনে ট্রাকের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেমের (৬৯) মৃত্যুর ঘটনায় ঘাতক ট্রাক চালক মো. শফিক উল্ল্যাহকে (৫৭) ট্রাকসহ গ্রেফতার করেছে ডবলমুরিং মডেল থানা পুলিশ।
রোববার নগরীর সদরঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোমবার সন্ধ্যেয় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ডবলমুরিং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের পাটোয়ারী।
তিনি বলেন, ট্রাকটি আকবরশাহ থানাধীন কালুশাহ মাজারের টার্মিনাল থেকে এসটি ট্রেডিং কর্পোরেশন নামীয় ট্রান্সপোর্টের লোডিং ড্রাইভার হিসেবে কদমতলী, ডিটি রোড হয়ে বন্দরে যাওয়ার পথে ডবলমুরিং মডেল থানাধীন ধনিয়ালাপাড়া বায়তুশ শরফ মসজিদের সামনে বেপরোয়া গতিতে ম্যাক্সিমা গাড়িকে ধাক্কা দিলে উক্ত ম্যাক্সিমা গাড়ির ভিতরে থাকা বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেম গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেন। পরে ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা পর্যালোচনা করে ঘাতক ট্রাক শনাক্ত করে সদরঘাট থানার মাদারবাড়ি বাসস্ট্যান্ড থেকে ঘাতক ড্রাইভারকে গ্রেফতার করা হয়। এবং ট্রাকটি জব্দ করা হয়। ট্রাকটি নাছির ট্রান্সপোর্টের। পরবর্তী সোমবার দুপুরে ড্রাইভার মো. শফিউল্ল্যাহকে আদালতে সোর্পদ করা হয়েছে।




