চকরিয়া প্রতিনিধি : চকরিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের চকরিয়া প্রতিনিধি মোহাম্মদ উল্লাহর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় এখনো মামলা নেয়নি পুলিশ। ঘটনার পাঁচ দিন অতিবাহিত হলেও থানা পুলিশ মামলা নিতে অনীহা দেখাচ্ছেন ওসি শেখ মোহাম্মদ আলী। বরং উল্টো হামলার শিকার সাংবাদিককে আসামী করে মামলা নিতে তৎপর রয়েছেন তিনি। এনিয়ে চকরিয়ার কর্মরত সাংবাদিক ও সচেতনমহলের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
গত ৩০ এপ্রিল বিকাল ২টার দিকে চকরিয়া থানা সেন্টারের সামনে সাংবাদিক মোহাম্মদ উল্লাহর উপর হামলা ও মারধরে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী জাফর আলম ও তার ক্যাডার বাহিনী।এ হামলার ঘটনায় তাৎক্ষনিক চকরিয়ার কর্মরত সাংবাদিকরা প্রতিবাদ সমাবেশ করেছেন। সমাবেশে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবী ও জাফর আলমের সবধরণের সংবাদ বর্জনের সিদ্বান্ত নেওয়া হয়।
এদিকে ঘটনার রাত ১১টার দিকে মোহাম্মদ উল্লাহকে হত্যার চেষ্ঠার ঘটনায় চকরিয়া প্রেসক্লাবের সভাপতি জাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মিজবাউল হক সহকর্মীদের নিয়ে থানায় এজাহার জমা দিতে গেলে থানার গেইটের সামনে হঠাৎ করে জাফর আলম ও তার সহকর্মীরা দ্বিতীয় দফা হামলার চেষ্ঠা করেন।
এসময় সভাপতি জাহেদ ও সাবেক সভাপতি আবদুল মজিদ সহ কর্মরত সাংবাদিকদের গালি গালাজ ও পায়ের নলা খুলে নেওয়ার হুমকি দেন তিনি। অপরাপর ক্যাডাররা চকরিয়ার যেখানেই সাংবাদিক দেখবে সেখানেই পেটানো হবে বলে চিৎকার করে হুমকি দেন। এঘটনায় জাহেদ চৌধুরী সাধারণ ডায়েরি করেছেন।
প্রত্যক্ষর্শীরা জানান, ঘটনার দিন সে চকরিয়া থানার ১০০ গজের মধ্যে একটি কম্পিউটারের কাজ করছিল। ওই সময় তিনটি গাড়ি নিয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী জাফর আলমের নেতৃত্বে ১০-১২ জন সশস্ত্র ক্যাডার বাহিনী মোহাম্মদ উল্লাহর উপর হামলা করে।
মোহাম্মদ উল্লাহ বলেন, ওইসময় তার ক্যাডার বাহিনীর সদস্যরা বন্দুকের বাট দিয়ে তাকে আঘাত করে এবং তার ব্যবহৃত ৩টি মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে তার সহকর্মীরা আহত সাংবাদিক মোহাম্মদ উল্লাহকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ওই রাতেই মোহাম্মদ উল্লাহ বাদী হয়ে জাফর আলম ও তার সহযোগিদের আসামী করে থানায় একটি এজাহার দিয়েছেন। কিন্তু এজাহার জমা দেয়ার পাঁচ দিন পরও মামলা নেয়নি চকরিয়া থানা পুলিশ। এমনকি হামলাকারীদের কাউকে গ্রেফতারও করেনি পুলিশ। তাছাড়া আসামীদের গ্রেফতারে পুলিশী তৎপরতাও দেখা যাচ্ছেনা। উল্টো সাংবাদিক মোহাম্মদ উল্লাহকে একটি মারধরের ঘটনার এজাহারে আসামী করা হয়েছে।
চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজবাউল হক বলেন, সাংবাদিক মোহাম্মদ উল্লাহকে দিন দুপুরে হামলা করলেও এখনো মামলা নেয়নি পুলিশ। মামলা না হওয়ায় স্থানীয় সংবাদকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। আবার নিরাপত্তাহীনতায় ভোগছেন সাংবাদিকরা। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে মামলা না নিলে চকরিয়ার কর্মরত সাংবাদিকদের নিয়ে মানববন্ধন সহ বৃহত্তর কর্মসূচী দিতে বাধ্য হবো।
চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরী বলেন, সহকর্মী মোহাম্মদ উল্লাহকে মারধরের পরও জাফরের বাহিনী সাংবাদিকদের উপর হামলা ও হুমকি অব্যাহত রেকেছে। দ্বিতীয় দফা থানা গেইটের সামনে হামলা করেছে এটা অত্যান্ত অমানবিক। এমন সেই অবিশ্বাস্য ঘটনাই ঘটিয়েছে সাবেক এমপি জাফর ও তার সহযোগীরা। প্রশাসন কঠোর ব্যবস্থা না নিলে সাংবাদিকদের উপর আরো মরণঘাতী হামলা হতে পারে। হামলাকারীদের বিরুদ্ধে মামলা নেওয়ার দাবী জানাচ্ছি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, সাংবাদিক মোহাম্মদ উল্লাহর উপর হামলার ঘটনায় এজাহার নেয়া হয়েছে। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তবে মামলা নেয়া হচ্ছে না, কথাটি ঠিক নয়। এজাহারে আসামীদের নাম পরিবর্তন করা হলে মামলা নেওয়া হবে বলে জানান তিনি।




