বশির আহাম্মদ, বান্দরবান প্রতিনিধি॥ আগামী ৮মে অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফায় সদর উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর তার নিজের জীবনের নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করে আনুষ্ঠানিকভাবে নিবার্চনী প্রচারণা স্থগিত করেছে।
আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর ১২টায় বান্দরবান সদর উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর সামজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি স্ট্যাটাসে উল্লেখ করেন “মাঠ কর্মীদের এবং নিজের নিরাপত্তা ঝুঁকির বিবেচনা থেকে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচারণা স্থগিত রাখার ঘোষণা দিয়েছি, দোয়া কর”।
এদিকে হঠাৎ করে তার এমন সিদ্ধান্তে হতবাক দলীয় কর্মী এবং সমর্থক ও ভোটাররা।
এর আগে ২৯ এপ্রিল (সোমবার) সকালে বান্দরবান শহরের একটি হোটেলের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে প্রাণনাশের হুমকির অভিযোগে ও নির্বাচনে সহযোগিতার অভাব দেখিয়ে বান্দরবান সদর উপজেলা পরিষদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আলটিমেটাম দিয়েছিলেন চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ কে এম জাহাঙ্গীর।
ওই সময় তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচনে আমাকে প্রাণনাশের দৃশ্যমান ও অদৃশ্যমান হুমকি দেওয়া হচ্ছে। আমার সমর্থনে যারা কাজ করছে, তাদের হুমকি দেওয়া হচ্ছে। এমনকি ছয়টি ইউনিয়নে আমি কাজ করতে পারছি না। এছাড়া পাহাড়ে চলমান কেএনএফ সমস্যার কারণে বম সম্প্রদায়ের অধ্যুষিত কয়েকটি পাড়ার জনগণ এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে বলে উল্লেখ করে তারা ভোটকেন্দ্রে আসবে কি না, সেটি নিয়েও সংশয় প্রকাশ করেন চেয়ারম্যান পদপ্রার্থী এ কে এম জাহাঙ্গীর।




