চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : চকরিয়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক এমপি জাফর আলমের নেতৃত্বে সশস্ত্র হামলায় গুরুতর আহত হয়েছেন চকরিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ। এক পর্যায়ে তাকে হত্যার চেষ্টা করা হয়। ওই সময় দু’টি মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে হামলাকারীরা। আহত সাংবাদিক মোহাম্মদ উল্লাহকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার ( ৩০ এপ্রিল) বেলা সোয়া দুইটার দিকে চকরিয়া থানার অদূরে এ হামলার ঘটনা ঘটে।
হামলার শিকার সাংবাদিক মোহাম্মদ উল্লাহ ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, ঘটনা শোনার সাথে সাথে থানার ইন্সপেক্টর তদন্ত অরুপ কান্তি চৌধুরী ও অপারেশন অফিসার রাজিব চন্দ্র সরকারসহ একদল পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
এ ব্যাপারে ভিকটিম লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এদিকে সাংবাদিক মোহাম্মদ উল্লাহর উপর হামলার ঘটনায় একইদিন সন্ধ্যায় প্রতিবাদ সভার ডাক দিয়েছে চকরিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ।




