বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানে সেনাবাহিনীর সাথে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ’র মধ্যে সংঘর্ষে দুই কেএনএফ সদস্য নিহত হয়েছে। আজ রবিবার (২৮ এপ্রিল) ভোরে রুমা উপজেলার দুর্গম রেমাক্রি প্রাংসা ইউনিয়নের বাকত্লাই এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর সকালে সেখান থেকে লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়।
বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অভ্যন্তরীণ সড়ক গুলোতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সেখানে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী তল্লাশি চালাচ্ছে। ওই এলাকায় সেনাবাহিনীর সাথে কেএনএফ’র মধ্যে ছয় ঘন্টা ব্যাপী সংঘর্ষে চলে। এ ঘটনার পর সেখান থেকে কেএনএফ এর পোশাক পরা দু’জনের লাশ উদ্ধার করা হয়।
নিরাপত্তা বাহিনী ও পুলিশ জানিয়েছে, রাত বারোটার পর থেকে থানচি লিক্রে সড়কের বাকত্লাই এলাকায় দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী সেখানে অভিযান চালায়। সেখানে ৬ ঘন্টা ব্যাপী যুদ্ধের পর দু’জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ২ ও ৩ এপ্রিল কেএনএফ বান্দরবানের রুমা ও থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকের তিনটি শাখায় হামলা চালিয়ে অস্ত্র গুলি ও টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনার পর সেখানে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে। এ পর্যন্ত অভিযানে ৮০ জন কেএনএফ সদস্য ও তাদের সহযোগীকে আটক করা হয়েছে।




