আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় টানেলের জন্য অধিগ্রহনকৃত জমির ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবার এখনো ক্ষতিপূরণ পায়নি ভুমি অধিগ্রহণ কর্মকর্তা ও সার্ভেয়ারদের কারণে।এদিকে সহায় সম্বল হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দুঃখ কষ্টে জীবন যাপন করছে বলে অভিযোগ উঠেছে।
সূত্রে প্রকাশ, বঙ্গবন্ধু টানেল নির্মাণে বাড়িঘর, বসতভিটা, ফসলী ভূমি ও দোকানপাট হারিয়েছে স্থানীয়রা। সংশ্লিষ্টদের পক্ষ থেকে টানেলে ক্ষতিগ্রস্ত বেশিরভাগ পরিবারগুলো ক্ষতিপূরণ পেলেও এখনো শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবার ক্ষতিপূরণ পায়নি বলে অভিযোগ রয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সেতু মন্ত্রণালয়ের সচিব মো : মনজুর হোসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল পরিদর্শন আসেন। খবর পেয়ে ভূমি হারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বৈরাগ ইউপি চেয়ারম্যান নোয়াব আলী ও বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ এর নেতৃত্বে পতেঙ্গা টানেল অফিসে বিকেলে সাক্ষাৎ করেন। সাক্ষাতে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবার ক্ষতিপূরণ পায়নি বলে সেতু মন্ত্রণালয়ের সচিব মো: মনজুর হোসেনকে বিস্তারিত জানান। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুর্নবাসন করা হয়নি বলেও সেতু সচিবকে অবগত করেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কথা শুনে সেতু মন্ত্রণালয়ের সচিব মো মনজুর হোসেন বিষয়টি সরকারের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে বলে জানান।
সেতু মন্ত্রণালয়ের সচিবের সাথে সাক্ষাতের সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা এম এ রশিদ, এমএ লতিফ, ইউপি সদস্য রুপম দাশ ও মোঃ হাশেম সহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।




