নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় তেওয়ারীখিল গ্রামে ধ্বসে পড়েছে পুকুর পাড়ের সড়কের রক্ষাবাঁধ (আরসিসি রিটেইনিং ওয়াল)। উপজেলার বার আউলিয়া-টংকাবতী সড়কের তেওয়ারীখিলের নিকট বুড়িপুকুরের পশ্চিম পাড়ে ধ্বসে পড়েছে সড়কের অন্তত ২শ’ মিটার আরসিসি ওয়াল। এ উপ রাস্তাটি পার্বত্য বান্দরবান সড়ক ও জনপদ বিভাগের বার আউলিয়া টংকাবতী সড়কের আওতাধীন। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বার আউলিয়া সংযোগস্থল থেকে অন্তত তিন কিলোমিটার দূরত্বে তেওয়ারীখিলের বুড়িপুকুর পাড়।
রাস্তার অংশ ধ্বসে পড়ার কারণে এলাকার হাজার হাজার জনসাধারণের চলাচলের ক্ষেত্রে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানান এলাকাবাসী। বিশেষ করে এলাকার কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাত করতে গিয়ে পড়তে হচ্ছে বিপাকে। এছাড়াও এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়তে চরম দূভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে। শুধু তা নয়, রোগীদের নিয়ে বিভিন্ন হাসপাতালে যাতায়াতেও সমস্যায় পড়তে হয় অভিভাবকদের। যানবাহন চলাচলের ক্ষেত্রেও একই অবস্থা।
স্থানীয়রা জানান, অন্তত ২০-২৫ বছর আগে বান্দরবান সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে বুড়িপুকুরের পশ্চিম পাড়ে রক্ষাপদ (আরসিসি রেটেইনিং ওয়াল) টি নির্মাণ করা হয়ে। সড়কের পাশের পুকুরের গভীরতা এবং ভূমিকম্পনের কারণেই ওয়ালটি ধ্বসে পড়ার কারণ বলে মনে করা হচ্ছে। উক্ত সড়কের রক্ষাবাঁধ (আরসিসি রেটেইনিং ওয়াল) পুনঃনির্মাণের জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ অপরিহার্য বলে মনে করেন।




