মুহাম্মদ গিয়াস উদ্দিন,পেকুয়া: কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আমিনুল কবির রানা (৩০) নগরের বহদ্দারহাট এলাকা থেকে অপহৃত হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে। গতকাল রবিবার (২১ এপ্রিল) রাত আনুমানিক ৭টার দিকে অপহরণের ঘটনাটি ঘটে।
অপহৃত রানা পেকুয়া উপজেলার মগনামা ইউনিনের চান্দার পাড়া গ্রামের মোহাম্মদ হোছাইনের ছেলে এবং মগনামা ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্ত হিসেবে বিগত ৮/১০ বছর ধরে কাজ করছেন।
অপহৃত রানার ছোট ভাই মো: সাইফুল কবির জানান, নগরেষ বহদ্দারহাট এলাকা থেকে তার বড় ভাই আমিনুল কবির রানাকে ৮/১০ জনের একদল লোক জোর করে একটি মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। এরপর থেকে তার ভাইয়ের কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা। তার মোবাইল নাম্বার বন্ধ রয়েছে।
সাইফুল আরো জানান, তার ভাই চট্টগ্রাম শহরের এক আত্মীয়ের বাসায় বেড়াতে এসেছিলেন। তার ভাইয়ের সাথে কারো শত্রুতা নাই, কোন মামলাও নাই। এরপও ঠিক কি কারণে তার ভাই অপহরণের শিকার হয়েছে তারা কিছু বুঝে উঠতে পারছেনা। এ ব্যাপারে চট্টগ্রাম চান্দগাঁও থানায় একটি সাধারান ডায়েরী করা হয়েছে।
এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য এ প্রতিবেদক চান্দগাঁও থানার ওসি নাম্বারে (০১৩২০-০৫২৪৪৩) একাধিকবার ফোন করা হয়। কিন্তু ওসি ফোন রিসিভ না করায় বক্তব্য সংযোজন করা সম্ভব হয়নি।




