বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানে পর্যটকবাহী চাঁদের গাড়ি উল্টে ১২ জন আহত হয়েছেন। শনিবার (২০ এপ্রিল) সকালে বান্দরবান সদরের নীলাচল সড়কের যৌথ খামার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে পর্যটকবাহী একটি চাঁদের গাড়ি বান্দরবান সদর থেকে নীলাচল পর্যটনকেন্দ্রে যাচ্ছিল। পথে যৌথ খামার এলাকার উঁচু পথে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা ১৩ জনের মধ্যে ১২ জন আহত হন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনায় ড্রাইভারকে আটক করেছে পুলিশ।
দুর্ঘটনায় আহত সিরদার জানান, শুক্রবার (১৯ এপ্রিল) টাঙ্গাইল থেকে ৪৫ জনের একটি দল বান্দরবান ভ্রমণে আসে। আজ নীলাচল পর্যটনকেন্দ্রে ভ্রমণের জন্য একটি চাঁদের গাড়িতে ১৩ জন যাত্রা করেন। তবে নিষেধ করা সত্ত্বেও গাড়ি বেপরোয়া গতিতে চালাতে থাকেন চালক। পরে নীলাচল সড়কের যৌথ খামার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়।
বান্দরবান সদর হাসপাতালের চিকিৎসা জানান, সড়ক দুর্ঘটনায় আহত ১২ জন পর্যটককে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এদের মধ্যে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।




