মুহাম্মদ গিয়াস উদ্দিন, পেকুয়া: কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা প্রশাসনে কর্মরত শীর্ষ এক দূর্নীতিবাজ কর্মকর্তার প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্দনে বনবিভাগ ও কৃষককে ফাঁসাতে কতিপয় গণমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভোক্তভোগী কৃষক পরিবার ও এলাকাবাসী।
বুধবার (১৭ এপ্রিল) দুপুর ১ টার দিকে পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের ঢালার মুখ এলাকার একটি আবাসিক ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে কৃষক শাকের অভিযোগ করে বলেন, পেকুয়া উপজেলা প্রশাসনের শীর্ষ এক দূর্নীতিবাজ কর্মকর্তার ইন্দনে বনবিভাগের বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হককে ফাঁসাতে আমাদের মতো নিরীহ খেটে খাওয়া লোকদের নাম দিয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করানো হয়েছে। জাকের হোসেন নামের ব্যক্তি আমাদের বিরুদ্ধে যে সব কথা বলেছে তা মিথ্যা। জনৈক জাকের হোছেন কর্তৃক অবৈধভাবে উত্তোলন করা বালুর সাথে আমাদের কোন সম্পর্ক নাই। আমি মুরগির ফার্ম ও কলা বাগান করে জীবিকা নির্বাহ করি। আপনারা সাংবাদিকরা তদন্ত করে দেখুন আমি বালু বেচা-বিক্রির সাথে জড়িত আছি কিনা? বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তাকে আমি কোনদিন দেখিনি এবং তার সাথে আমার কোন সম্পর্কও নাই।
সংবাদ সম্মেলনে কৃষক আবদুল জলিল বলেন, বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা ও বন কর্মকর্তা-কর্মচারীদের ফাঁসাতে আমরা বন বিভাগের বালু বিক্রি করেছি মর্মে আমাদের বিরুদ্ধে গত কয়েক দিন ধরে বিভিন্ন পত্রিকা ও অনলাইন মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। এসব অপপ্রচারের পিছনে কলকাটি নাড়ছেন উপজেলা প্রশাসনের শীর্ষ এক কর্তা।
কৃষক আবদুল জলিল বলেন, বিশ বছর থেকে সামাজিক বনায়নে পাহারার দায়িত্ব পালন করছি। বাগান পাহারা দিয়ে সংসার চালাই।
তিনি আরো বলেন, আমাদের বিরুদ্ধে তিনটি বালুর স্তুপ থেকে ৩৯টি বালুর স্তুপ রেঞ্জারকে মোটা অংকের টাকা দিয়ে বিক্রি করে দিয়েছি মর্মে অপপ্রচার চালালেও সেটি সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্র এবং অপপ্রচার। সংবাদ সম্মেলনে স্থানীয় এলাকাবাসীরাও উপস্থিত ছিলেন।




