নিজস্ব প্রতিবেদক: লোহাগাড়ায় ভবনের ৯তলার ছাদ থেকে পড়ে শাহরিয়ার নাফিজ (১০) নামে এক হেফ্জ ছাত্রের মর্মান্তিক মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। গত বুধবার (১৭ এপ্রিল)সন্ধ্যায় উপজেলা সদরের বটতলী মোটর স্টেশনস্থ ফোরকান টাওয়ারে ঘটেছে এ ঘটনা। ওই ফোরকান টাওয়ারের ৯ম তলায় প্রতিষ্ঠিত আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের নাজেরা বিভাগে পড়ত এ ছাত্র। নাফিজ লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের নালারকুল গ্রামের প্রবাসী জসিম উদ্দীনের সন্তান।
সূত্র মতে, সন্ধ্যায় ভবনের ৯তলার খোলা ছাদ থেকে পড়ে এ ছাত্র আটকে যায় তৃতীয় তলায়। ঘটনার পর তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেছেন। এ ছাত্র ৯ম তলার ছাদ থেকে পড়ে যাওয়ার কারণ জানা যায়নি। এ ঘটনায় এ ছাত্রের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
লোহাগাড়া থানার অফিসার ইন-চার্জ মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, তদন্ত সাপেক্ষে পরবর্তীতে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।




