সেলিম উদ্দীন, ঈদগাঁও: আজকের খুদে কবি, লেখক, প্রাবন্ধিকরা সৃজন-মননশীলতা বিকাশে মুক্তিযুদ্ধের মুল্যবোধ ও চেতনা সমুন্নত রেখে আগামী বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখবে। ঊষা’র’ কিচিমিচি’র বিশেষ বঙ্গবন্ধু সংখ্যায় এসব লেখিয়েরা জাতির পিতাকে না দেখলেও তাঁকে চর্চার মধ্যদিয়ে সংবেদনশীল মানুষ তৈরিতে অনুপ্রেরণা যোগাবে। শনিবার (০৭ অক্টোবর) বিকেল ৩টায় পাবলিক লাইব্রেরী প্রাঙ্গণে নবগঠিত ঈদগাহ উপজেলার শিল্প-সাহিত্য-সংস্কৃতির চর্চার অন্যতম পাঠপিঠ ঊষা আর্টস ইনস্টিটিউটের খুদে শিক্ষার্থীদের কচি হাতের লেখা নিয়ে প্রকাশিত শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক নিয়মিত সাময়িকী কিচিমিচি’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা শিক্ষা অফিসার, কক্সবাজার সাহিত্য একাডেমির সহ সভাপতি, বিশিষ্ট কবি ও ছড়াকার মোঃ নাছির উদ্দিনএ কথা বলেন।
‘নন্দিত শৈশবের দীপ্ত মনন’ প্রতিপাদ্যে কিচিমিচি’র এবারের সংখ্যাটি করা হয় জাতির পিতা ‘বঙ্গবন্ধু’র বিশেষ সংখ্যা হিসেবে।
ঊষা আর্টস ইনস্টিটিউটের পরিচালক, লেখক, গবেষক ও সাংবাদিক আজাদ মনসুরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী লেখক ও সাংবাদিক কাফি আনোয়ার।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলার একমাত্র প্রতিনিধিত্বশীল সাহিত্য সংগঠন কক্সবাজার সাহিত্য একাডেমির সভাপতি, বিশিষ্ট লোকজ গবেষক, সাংবাদিক মুহম্মদ নুরুল ইসলাম বেশি বেশি বই পড়ার গুরুত্বারোপ করে বলেন, ‘কিচিমিচি’র বঙ্গবন্ধু সংখ্যা শিশুদের বুদ্ধিবৃত্তি ও মানসিকতা বিকাশে অনন্য ভূমিকা রাখবে।
এসময় জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় সম্পাদক, কউকের সাবেক বোর্ড মেম্বার, বিশিষ্ট নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী বদিউল আলম, বীর মুক্তিযোদ্ধা মাস্টার নুরুল আজিম, নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মনছুর আলম, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক আবু তাহের, ঈদগাহ গ্রামার স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, তারুণ্যনির্ভর রাজনৈতিক ব্যক্তিত্ব, কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক রাজিবুল হক চৌধুরী রিকু, সাবেক ছাত্রলীগ নেতা এডভোকেট জুলকর জিল্লু বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আগত অতিথিরা বইটির মোড়ক উন্মোচন করেন এবং এর পাঠ সূচনা করে ঊষার শিক্ষার্থী খুদে লেখক মুজতাহিদা আলম নোমা। পরে সাময়িকীতে স্থান পাওয়া পঞ্চাশজন খুদে কবি, লেখক ও প্রাবন্ধিকদের ঊষা লেখক সম্মানসূচক উত্তোরীয় পরিধান করা হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে, বীরমুক্তিযোদ্ধা, কবি, লেখক, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষাবিদ, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ঊষা আর্টস ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অংশগ্রহণে দলীয় সঙ্গীত পরিবেশিত হয়।




