চকরিয়া প্রতিনিধি: চকরিয়া উপজেলার হারবাং থেকে অপহরণের শিকার শিশু স্কুল শিক্ষার্থী আবদুল আউয়াল আদিলকে (৬) উদ্ধার ও ঘটনায় জড়িত মিনহাজ উদ্দিন সায়েম (২৯) নামের এক অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল আনুমানিক সাড়ে তিনটার দিকে হারবাং পুলিশ ফাঁড়ির একটি টিম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভিকটিম শিশুকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করে।
উদ্ধার হওয়া শিশু শিক্ষার্থী আদিল চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শান্তিনগর পুর্ব নুনাছড়ি এলাকার মোহাম্মদ ইদ্রিস এর ছেলে। অপরদিকে গ্রেফতারকৃত সায়েম একই এলাকার ওসমান গনির ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, অপহরনের পর শিশুকে জিন্মি করে তার বাবার কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী চক্র। পরে পুলিশ কৌশল অবলম্বন করে ভিকটিম শিশুকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করতে সক্ষম হন।
তিনি বলেন, এ ঘটনায় শিক্ষা আদিল এর বাবা বাদি হয়ে চকরিয়া থানায় একটি মামলা রুজু করেছেন। ওই দিন দুপুরে গ্রেফতারকৃত অপহরণকারী সায়েমকে আদালতে পাঠানো হয়েছে




