সিরাজগঞ্জ প্রতিনিধি: র্যাব-১২’র বিশেষ অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গায় প্রায় ৫০ লক্ষ টাকার হেরোইন ও মাইক্রোবাসসহ দু’ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুর আড়াইটায় সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রামারচরস্থ রাজশাহী টু ঢাকাগামী মহাসড়কের উত্তর পাশে নিউ রুপালী হোটেল এন্ড রেস্টুরেন্ট’র সামনে পাকা রাস্তার উপর হ’তে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-মোঃ হেলাল উদ্দিন (২৩) পিতা-মোঃ হারুন ফকির, সাং-আগানগর ইমাম বাড়ী রোড, থানা-কেরানীগঞ্জ, জেলা-ঢাকা ও ২। মোঃ অলি উল্লাহ (২৫), পিতা- মোঃ বাবুল হোসেন, সাং-তাড়াইল, থানা-নান্দইল, জেলা-কিশোরগঞ্জ।

র্যাব-১২ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন দি ক্রাইমকে জানান, র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রামারচরস্থ রাজশাহী টু ঢাকাগামী মহাসড়কের উত্তর পাশে নিউ রুপালী হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৭৩ গ্রাম হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন। এছাড়াও তাদের সাথে থাকা মাদক বহনের কাজে ব্যবহৃত ১টি নোহা-মাইক্রোবাস ও মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ৩ টি মোবাইল এবং নগদ ২,৭০০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।




