নিজস্ব প্রতিবেদক: নগরীর কর্ণফুলীতে মাসিক চাঁদা না দেওয়ার কারণে ঢেকে নিয়ে গিয়ে দয়াল শীল (২৫) নামের এক সেলুন ব্যবসায়ীকে জবাই করে হত্যার চেষ্টা করেছেন। ভিকটিম স্থানীয় ২ নং বড়উটান ইউনিয়নের দৌলতপুর এলাকার মৃত দিলীপ শীলের পুত্র। বৃহস্পতিবার রাত ৮ টায় কর্ণফুলী ইপিজেডের উত্তর পাশ্বের গেইটের সামনে এ হত্যাচেষ্টার ঘটনাটি ঘটে। এ ঘটনায় হত্যার চেষ্টাকারী দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বড়উঠান ইউনিয়নের কেইপিজেড এলাকার ৭ নম্বর ওয়ার্ডের তুষার জলদাস (২৪) ও রানা জলদাস (২০)।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শাহমীপুর জামতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ অমিতাভ দত্ত।
ভিকটিমের ছোট ভাই সজল শীল বলেন, আমার মেঝ ভাইকে হত্যার চেষ্টাকারী তুষার ও রানা জলদাস নিয়মিত চাঁদা দাবি করতো। প্রতিবার চাঁদা দিলেও এবার চাঁদা দিতে পারেননি। তাই তাকে মারার জন্য বেশ কয়েকবার আমাদের বাড়ির আশেপাশে আসেন। এতেও ব্যর্থ হয়ে, চাঁদাবাজি ও তাদের পরিচয় জেনে যাওয়ার কারণে তারা হত্যার নতুন পরিকল্পনা করেন।পরিকল্পনা করে তারা বিদেশ চলে যাবে, তাদের সেলুন বিক্রি করবে বলে আমার ভাইকে কোরিয়ান ইপিজেডের একটি নির্জনস্থানে ঢেকে নিয়ে যায়। তারপর তাদের একজন চোখে মরিচের গুড়া মারেন, আরেকজন সেলুনে ব্যবহৃত কাঁচি দিয়ে জবাই করার উদ্দেশ্যে গলায় ও হাতে আঘাত করার চেষ্টা করেন। তখন আমার ভাই দৌড়ে পালিয়ে কোরিয়ান ইপিজেডের গেইট এলাকায় আসলে তাকে স্থানীয়রা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।’
জামতলা পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা অমিতাভ দত্ত বলেন, ‘ভিকটিম দয়াল শীল একজন সেলুন পেশাজীবী। ২০১১ সালে ভিকটিম তাদের কাছে একটি দোকান বিক্রি করে প্রবাস গমন করলেও, সেখান থেকে ফেরত আসেন। এরপর দয়াল তাদের কাছে দোকান ফেরত চান। এতে তারা ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার রাতে তাকে দোকান বিক্রি করবে বলে ঢেকে নিয়ে চোখে মরিচ মেরে গলা কেটে জবাই করার চেষ্টা করা হয়। বৃহস্পতিবার রাতে তাকে হাসপাতালে অপারেশন করা হয়। বর্তমান তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় বর্তমান রানা ও তুষার জলদাসকে গ্রেফতার করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত দুইজন হত্যার চেষ্টার ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
কর্ণফুলীর বড়উটান ইউনিয়ন চেয়ারম্যান দিদারুল আলম বলেন, ‘কোরিয়ান ইপিজেডে বৃহস্পতিবার রাতে একটি হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিম দয়াল হাসপাতালে ভর্তির কারণে মূল বিষয়টি এখনো জানতে পারিনি। এ ঘটনায় আমরা নিন্দা জানাচ্ছি এবং হত্যার চেষ্টাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, দয়াল হত্যা চেষ্টার ঘটনায় এখনো কোন মামলা হয়নি। তার ওয়ারিশরা হাসপাতাল থেকে আসার পর মামলার সিদ্ধান্ত হবে। আপাতত গ্রেফতারকৃতদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।




