কুষ্টিয়া প্রতিনিধি: উচ্চ আদালতের স্পষ্ট নিষেধাজ্ঞা থাকার পরও নদী থেকে অবৈধভাবে তোলা হচ্ছে বালু। কুষ্টিয়ার গড়াই নদীর মোহনা থেকে শুরু করে উজানে পাকশীর সাড়াঘাট পর্যন্ত পদ্মা নদীর ১১টি পয়েন্টে এবং গড়াইয়ের উৎসমুখ থেকে খোকসা পর্যন্ত ছয়টি পয়েন্টে অবৈধভাবে দেদার বালু তোলা হচ্ছে। এসব স্থানে রয়েছে লালন শাহ সেতু, হার্ডিঞ্জ ব্রিজ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ নানা গুরুত্বপূর্ণ স্থাপনা। এসব স্থাপনার আশপাশের থেকে বালু তোলায় দিন দিন তা ঝুঁকির মুখে পড়ছে।
নদীর তীরবর্তী এলাকার মানুষজন জানায়, কুষ্টিয়া, পাবনা ও রাজশাহীর অন্তত ১৭ প্রভাবশালী ব্যক্তি এই বালু লুটের সঙ্গে জড়িত। এর মধ্যে পদ্মায় পাবনার ঈশ্বরদীর সাড়া-গোপালপুরের যুবলীগ নেতা মিলন চৌধুরী, সাড়া ইউপি চেয়ারম্যান রানা সরদার, ঈশ্বরদীর রূপপুর এলাকার লিটন, রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম ও তাঁর ছোট ভাই সামিউল, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার আতিকুজ্জামান বিটু, সাঈদ খান ও যুবলীগ নেতা আব্দুল আজিজ, মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, দৌলতপুরের মরিচা ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ এবং ভুরকাপাড়ার উজ্জল সর্দার বালু তুলছেন। অন্যদিকে গড়াই নদীতে কুষ্টিয়া পৌরসভার কাউন্সিলর মহিদুল ইসলাম এবং তাঁর ভাই মাহাবুল ইসলাম, সদর উপজেলার হাটসহরিপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মিলন মণ্ডল, কুমারখালীর জিলাপী তলার জহুরুল, খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার বালু উত্তোলনের সঙ্গে জড়িত।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভেড়ামারা-পাকশীর হার্ডিঞ্জ ব্রিজ, লালনশাহ সেতু এবং নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের খুব কাছাকাছি এলাকা থেকে তোলা হচ্ছে বালু।এভাবে বালু উত্তোলনে ঝুঁকিতে পড়েছে কুষ্টিয়া-ঈশ্বরদী জাতীয় মহাসড়কও।
অভিযোগ রয়েছে, প্রভাবশালীদের সহায়তায় কাজ করছেন স্থানীয় প্রশাসন ও নৌ পুলিশের কিছু অসাধু কর্মকর্তা। প্রতিদিন বালু ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের উেকাচ নিচ্ছেন তাঁরা। ভেড়ামারা উপজেলার বারোমাইল টিকটিকিপাড়া এলাকার বাসিন্দা ইনু সর্দার বলেন, ‘আমার ৩০ বিঘা জমি ছিল পদ্মার তীরে।
ভাঙতে ভাঙতে এখন মাত্র ১৫ বিঘা অবশিষ্ট রয়েছে। যেকোনো মুহূর্তে তা-ও নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। পদ্মায় অবৈধ বালু উত্তোলনের কারণেই আমরা এমন হুমকির মুখে পড়েছি।’
বালু উত্তোলনকারীদের একজন সাঈদ খান বলেন, ‘হাইকোর্টের নির্দেশনায় ও বিআইডাব্লিউটিএর অনুমোদন নিয়ে আমরা বালু তুলছি। আমাদের হাতে এসংক্রান্ত কাগজপত্র রয়েছে।’ তবে নিষিদ্ধ এলাকা থেকে বালু তুলছেন না বলে দাবি করেন তিনি।
তালবাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান বলেন, ‘আমি ড্রেজিংয়ের মাধ্যমে বালু উত্তোলন করি না। আমি ব্যবসায়ীদের কাছ থেকে বালু কিনে বিক্রি করি।’
পদ্মা নদীর ঈশ্বরদী অঞ্চলে দায়িত্বে নিয়োজিত নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদ হোসেন বলেন, ‘যাঁরা পদ্মায় বালু তুলছেন, তাঁদের বৈধ কাগজপত্র রয়েছে বলে জেনেছি।’ তবে তাঁদের কাছ থেকে কোনো আর্থিক সুবিধা নেন না বলে দাবি করেন নৌ পুলিশের এই কর্মকর্তা।
পানি উন্নয়ন বোর্ডের কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী রাশেদুর রহমান বলেন, ‘আমরা বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েছি। এখন স্থানীয় প্রশাসন এ ব্যাপারে ব্যবস্থা নেবে।’
কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলাম বলেন, ‘বালু উত্তোলন বন্ধে আমরা মনিটরিং টিম করেছি। পাবনা জেলা প্রশাসনের সঙ্গে এরই মধ্যে যৌথ অভিযানও শুরু হয়েছে।’




