চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে অটোরিকশার ব্যাটারী চুরির অপবাদে মো. আরমান (২৩) নামের অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ সোমবার (১০ জুলাই) সকাল আনুমানিক সাড়ে সাতটার দিকে শেখ হাসিনা বানৌজা সড়কের বরইতলী ইউনিয়নের পহরচাঁদা মাদ্রাসার সামনে গোলচক্কর এলাকা থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। নিহত আরমান চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের কাহারিয়াঘোনা এলাকার মো. জাকারিয়ার ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আগেরদিন রোববার রাত আনুমানিক বারোটার দিকে বরইতলী ইউনিয়নের হাফালিয়া কাটা এলাকায় কিছু লোক এক যুবককে ব্যাটারী চুরির অভিযোগ তুলে আটক করে হাতেপায়ে রশি দিয়ে বেঁধে বেদড়ক মারধর করে। হাতেপায়ে রশি বাঁধা অবস্থায় মারধর করতে করতে ওই যুবককে স্থানীয় পহরচাঁদা মাদরাসার সামনে নিয়ে যায়। ওইসময় আশপাশের লোকজন পুলিশে খবর দিলে অবস্থা বেগতিক দেখে আহত যুবককে সেখানে ফেলে রেখে হামলাকারী দুবৃর্ত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো.কাইছার হামিদ বলেন, তাৎক্ষণিক পুলিশের একটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়। তবে হামলাকারী দুবৃর্ত্তরা আহত যুবককে লুকিয়ে রাখায় পুলিশ গিয়েও তাকে খুঁজে পায়নি। ধারণা করা হচ্ছে, রাতে চুরির অপবাদে অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার পর মরদেহ ভোররাতে সড়কের পাশে রেখে যায়।
হারবাং পুলিশ ফাঁড়ির এসআই অপু দে বলেন, রোববার রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে পুলিশ টিম নিয়ে সড়কের বিভিন্ন অংশে তল্লাশি চালায়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা যুবককে অন্যত্রে সরিয়ে নিয়ে যায়। পরে অনেক খুঁজাখুঁজি করেও না-পেয়ে আমরা চলে এসেছি।
নিহতের ভাই ওয়াহিদুল ইসলাম বলেন, আরমান মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ে। বিশেষ করে অসুস্থ অবস্থায় তার মানসিক সমস্যা দেখা দিত।
তিনি বলেন, শনিবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মরদেহের কোমর থেকে নিচের অংশে আঘাতের চিহ্ন রয়েছে।
চকরিয়া থানার ওসি (তদন্ত) মো. আবদুল জব্বার বলেন, বরইতলী ইউনিয়েেন সড়কের পাশ থেকে আরমান নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি বলেন, সুরতহাল রিপোর্ট তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। খুনের ঘটনায় রহস্য উদঘাটন ও জড়িত চক্রকে গ্রেফতারে পুলিশের অভিযান জোরদার করা হয়েছে।



