শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের হাসনাবাজ গ্রামে মসজিদে কাঠাল নিলাম নিয়ে দু’পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হন। এতে উভয় পক্ষের ৪০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। তবে আরো দুই-তিনজনের অবস্থা আশংঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
আজ সোমবার (১০ জুলাই) সকাল ১১টাযর দিকে গ্রামের মধ্যেই সংঘর্ষের ঘটনাটি ঘটে। নিহতরা হলেন দ্বীন ইসলাম পক্ষের মো. বাবুল মিয়া (৫৮),তিনি ইউনিয়নের হাসনাবাজ গ্রামের মৃত ছুফি মিয়ার ছেলে,একই গ্রামের মৃত আব্রআব্দুল লতিফের ছেলে নুরুল ইসলাম (৪২)। একই গ্রামের জুনাব আলী পক্ষের আব্দুল বাছিতের ছেলে মো. শাহজাহান (৩৬)। তাৎক্ষণিক আহতদের নাম ও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,হাসনাবাজ গ্রামের মসজিদে এক ব্যাক্তি একটি কাঠাল দান করেন। মসজিদে গ্রামবাসীর উপস্থিতিতে এই কাঠালটি নিলামে তোলা হয় ও দাম হাকাঁনো হয়। এতে গ্রামের দ্বীন ইসলামের পক্ষের ‘দামের কথা শোনা যাচ্ছে না’- লোকজন এমন আওয়াজ তুললে প্রতিপক্ষ একই গ্রামের সুনু মিয়া ও জুনাব আলী গংরা বলে ওঠেন, ‘মসজিদের ভেতরে অবস্থানকারী সবাই শুনলেও তোমরা কেন শুনতে পাওনি।’ এরপরই উভয়পক্ষের মধ্যে কথা কাটাাকটি হয়।
এরই জের ধরে সকালে দ্বীন ইসলামের লোকজনের সঙ্গে প্রতিপক্ষ সুনু মিয়া ও জুনাব আলীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এতে দ্বীন ইসলামের পক্ষের বাবুল মিয়া (৫৮) ও নুরুল ইসলাম (৪২) ঘটনাস্থলেই নিহত হন এবং সুনু মিয়া আলী গংদের পক্ষে মো. শাহজাহান মিয়াকে গুরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পথে রাস্তায় তিনি মারা যান। এ নিয়ে নিহতের সংখ্যা দাড়াঁলো ৩ জনে। এতে উভয়পক্ষের ৪০ জন আহত হন। তবে তাৎক্ষনিক আহতের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।
জয়কলস ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুল বাছিত সুজন জানান,গতকাল রোববার রাতে এবং আজকে ভোরে -হাসনাবাজ গ্রামে গিয়ে উভয় পক্ষের লোকজনের সাথে আলাদা আলাদাভাবে বৈঠক করে কথা বলেছি। উভয় পক্ষের লোকজন আমাকে আশস্থ করেছিলেন যে কোনো পক্ষই মারাামরিতে যাবেন না। এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে তাদের শান্ত করে উপজেলা পরিষদের মিটিংয়ে আমি চলে বাসার পর শুনতে পাই উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। একটি কাঠাল নিয়ে এমন অনাকাংঙ্খিত ঘটনাটি খুবই দুঃখজনক।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। এ ঘটনায় পুলিশ সন্দেহজনক ৩জনকে আটক করেছে।




