খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় বিজিবি কর্তৃক ভারতীয় মদ ও ফার্নিচার জব্দ করেছে। রামগড়ে খাগড়াছড়ির রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের(রামগড় জোন) পৃথক অভিযানে ভারতীয় মদ ও অবৈধ ফার্নিচার উদ্ধার করা হয়েছে। রোববার(০২ জুলাই) পৃথক দুটি অভিযানে এসব মালামাল উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, রোববার ভোর রাতে বাগান বাজার বিওপির নায়েব সুবেদার শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবি অভিযান চালালে চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি করে ৯০বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য এক লাখ ৩৫ হাজার টাকা।
অপরদিকে একই দিন সকালে চট্টগ্রাম জেলার ভুজপুর থানার হেঁয়াকো বিওপির মুসলিমপুর স্থানে রাতে নায়েব সুবেদার জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে পৃথক আরেকটি অভিযানে একটি ওয়ারড্রপ, আটটি বক্স খাট, ছয়টি কাঠের চেয়ার এবং একটি ডাইনিং টেবিলসহ বিভিন্ন প্রকার ফার্নিচার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ফার্নিচার হেঁয়াকো বন বিট অফিসে জমা করা হয়েছে।
রামগড় ব্যাটালিয়ন(৪৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তে অবৈধ চোরাচালান রোধে বিজিবির নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিজানুর রহমান জানান, ঘটনাটি অবগত আছেন। বিজিবি কর্তৃক হস্তান্তর করা হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।




