গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার অন্যতম বৃহৎ মহিমাগঞ্জ কোরবানি পশুর হাট ইজারদারের পক্ষে আদায়কারীদের স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। গরু ক্রেতা ও বিক্রেতার কাছ থেকে একত্রে এক হাজার থেকে ১২শ’ টাকা কেটে নিচ্ছেন তারা। আজ শনিবার (২৪ জুন) হাটবারে মহিমাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দুপুরের মধ্যেই ভরে যায় বিভিন্ন আকারের গরু ও ছাগলে। ক্রেতাদের আগমনও ছিল উপচে পড়ার মত। মাঠের চারপাশে একাধিক সামিনায়ার নিচে চলমান রয়েছে চালান লেখার কাজ। কেনা-বেচা চলবে সন্ধ্যা গড়িয়ে রাত অবধি।
সরেজমিনে দুপুর ১টায় দেখা যায়, কাঠ ফাঁটা রোদের তীব্রতায় তাপপ্রবাহে হাটের মাঝে পশু আর ক্রেতাদের মাঝে তিল ধারণের ঠাঁই নেই। মাঠের দুই পাশের দুটি গেটে ভটভটি ছাড়াও ঢুকছে গরু ও ছাগল। শুরুতে দু’একটি গরু ও ছাগল কিনে নিয়ে যেতে দেখা গেছে। তবে তাদের হাতের চালানে পশুর বিবরণ ও মূল্য লেখা থাকলেও উল্লেখ ছিল না চালানের টাকা।
কয়েক জনকে জিজ্ঞেস করলে তারা এ প্রতিবেদককে জানান, গরু ক্রেতা ও বিক্রেতার কাছ থেকে ৮শ’ থেকে ১ হাজার এবং ২শ’ থেকে ৪শ’ টাকা নিচ্ছেন চালান লেখক ও আদায়কারী ব্যক্তিরা। তারা আরও জানান,আমরা জানি গরুর চালান ৪শ’ টাকা হওয়ার কথা। সেখানে হাজার থেকে ১২শ’ টাকা নেওয়া অন্যায়।
এ বিষয়ে ইজারাদারের পক্ষে হাটে আদায়কারীদের প্রধান রেজাউলের সাথে কথা বললে তিনি জানান, ইজারাদারের পক্ষে ভাবীর হাট এটি। বেপারীদের কাছে ৪ থেকে ৫শ’ টাকা নেওয়া হচ্ছে। অন্যদের কাছ থেকে কত নিচ্ছেন তা বলেননি। তবে তিনি চালানে কত টাকা নেওয়া হচ্ছে তা রশিদে উল্লেখ করার বিষয়ে বলেন, ভীড় ও দ্রুত লেখার কারণে তা লেখা হচ্ছে না।
জানা গেছে, গতবার এই রেজাউল হাট ইজারা নিয়ে সম্পূর্ণ টাকা জমা না করায় তার ইজারা বাতিল করে কর্তৃপক্ষ। কিন্তু খাস কালেকশন হলেও ওই রেজাউলের নিয়ন্ত্রণেই রয়ে যায় হাটটি। এবারও তারই নিয়ন্ত্রণে হাটে টোল বা খাজনা আদায়ের নেপথ্য শক্তি নিয়ে নানা মহলে গুঞ্জন উঠেছে।
ক্রেতা ও বিক্রেতাদের কাছে চালানে অতিরিক্ত টাকা আদায় বিষয়ে জেলা প্রশাসকের সাথে আমাদের প্রতিনিধি কথা বললে তিনি দ্রুত লোক পাঠিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মহিমাগঞ্জ হাটে প্রশাসনের কোনো ব্যক্তিকে দেখা যায়নি।




