জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বাংলানিউজ২৪-এর জামালপুর জেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাকে ব্যাপক মারধর করা হয়। বুধবার (১৪ জুন) রাত ১০টার দিকে পৌর শহরের পাটহাটী মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে মালিবাগ মোড় থেকে পাটহাটী মোড় হয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন গোলাম রব্বানী নাদিম। পথিমধ্যে পাটহাটী মোড়ে কতিপয় কয়েকজন তার পথরোধ করেন এবং টেনে-হিঁচড়ে মারধর করতে করতে টিঅ্যন্ডটি রোডের দিকে নিয়ে যান। একপর্যায়ে তাকে মারধর করে চলে যান তারা। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর হাসপাতালে পাঠান।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে যাই এবং হাসপাতালে গিয়ে তার খোঁজ-খবর নিই। সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। আসামিদের শনাক্তের চেষ্টা চলছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।




