সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া: সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্যের মৃত্যুজনিত কারণে উপ-নির্বাচন আজ (বৃহস্পতিবার) সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) মাধ্যমে একটানা ভোট গ্রহণ চলে।
এ উপ-নির্বাচনের প্রিসাইডিং অফিসার সঞ্জীব সরকার বলেন, আপেল প্রতীকের মো.মফিজুর রহমান ৪৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোরগ প্রতীকের নুরুল আমিন ৪৬২ ও ফুটবল প্রতীকের মো. মহিউদ্দিন ৪৫৯ ভোট পেয়েছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কেঁওচিয়া ইউনিয়নের কাজী আমির হোসেন ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত উপ-নির্বাচনে মোট ভোটার দুই হাজার ২৫৮। তন্মধ্যে পুরুষ এক হাজার ২১৭ এবং মহিলা ভোটার এক হাজার ৪১।
উল্লেখ্য, কেঁওচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো.জকরিয়া ২০২২ সালের ডিসেম্বর মাসে মৃত্যুবরণ করলে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।




