কুতুবদিয়া প্রতিনিধি: মালবাহি মাহিন্দ্রা (লাল ট্রলি) গাড়ি নিয়ে চালক নাঈম ও তার হেলপার ইয়াছিন লবণ আনার জন্য আজ মঙ্গলবার (০২ মে) সকাল ১১ টায় লেমশীখালী ইউনিয়নের দরবার ঘাটের ৩ কিলোমিটার দক্ষিণে ছিদ্দিক হাজির পাড়ার পূর্ব পাশ্বে বেড়িবাঁধে লবণ বোঝাই করতে যায়। লবণ ভর্তি করার জন্য গাড়িটি জোগানে নেয়ার সময় খাদে পড়ে উল্টে যায়।
এ সময় চালক গোলাম মোহাম্মদ নাঈম গাড়ি নীচে চাপা পড়ে। হেলপার ইয়াছিন ছিটকে অনেক দূরে পড়ে যায়। তখন লবণ মাঠের লোকজন গাড়ির দূর্ঘটনা দেখে ঘটনাস্থলে দৌড়ে এসে চালক, হেলপার দুইজনকে উদ্ধার করে তাৎক্ষনিক কুতুবদিয়া সরকারী হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করে। রোগীর অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে উন্নত চিকিৎসার জন্য আহত দুই জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। অবশ্য চট্টগ্রাম নেয়ার পথে চালক নাঈম মারা যায়।
নিহত গোলাম মোহাম্মদ নাঈম কৈয়ারবিল ইউনিয়নের পরান সিকদার পাড়ার মৃত মোহাম্মদ জমিরের পুত্র। হেলপার বড়ঘোপ ইউনিয়নের আবদু রাজ্জাকের পুত্র ইয়াছিন। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
স্থানীয় কৈয়ারবিল ইউপির চেয়ারম্যান আজমগীর মাতবর দূর্ঘটনায় চালক নাঈম নিহতের ঘটনার সত্যতা শিকার করেন।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান মাহিন্দ্রা গাড়ির দূর্ঘটনায় চালক নাঈম নিহত ও হেলপার ইয়াছিন আহত হয়েছে বলে নিশ্চিত করেন। তবে চালক নাঈম নিহতের ব্যাপারে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে বলে জানান।



