চকরিয়া অফিস : নির্যাতনের হাত থেকে বাঁচতে পারছে না প্রবাসী পরিবারও। একেরপরএক পরিবারটির সহায় সম্পদও কেড়ে নিয়েছেন। প্রতিবাদ করলে মামলা দিয়ে হয়রানিও করছে। প্রবাসী পরিবারের দোকান ঘরটিও আগুনে পুড়িয়ে দিয়েছেন তারা। এভাবে খুটাখালীতে গত একমাস ধরে নির্যাতন চালিয়ে আসছে ১০-১৫ জনের একটি সন্ত্রাসী গ্রুপ। শনিবার গভীর রাতে চিহিৃত সন্ত্রাসীরা পূর্বের শত্রুতার জের ধরে দোকানঘরটি পুড়িয়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ ফুলছড়ি বাশকাটা এলাকায়।
প্রবাসী জাফর আলমের স্ত্রী সাবেকুন নাহার জানান, খুটাখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জালাল উদ্দিন, আনোয়ার হোছাইন ও সাহাব উদ্দিনের নেতৃত্বে একটি সন্ত্রাসী গ্রুপ তৈরী করে এলাকার সাধারণ মানুষকে নির্যাতন করে যাচ্ছে। তাদের নেতৃত্বে চুরি, ডাকাতি, চাঁদাবাজি ও দখলবাজি নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। গত এক মাস ধরে নিরীহ পরিবারগুলো টার্গেট করে নিপীড়ন চালাচ্ছেন। নিজের শেষ সম্বলটি মুদির দোকানঘরটিও জালিয়ে দিয়েছে সন্ত্রাসীরা।
তিনি বলেন, ২৫ ডিসেম্বর ভোর রাতে স্বামী জাফর আলম প্রবাসে থাকলেও বাড়ির পাশে নিজ পুত্রকে দিয়ে একটি মুদির দোকান দিয়ে ব্যবসা করতেন। দোকানের আয় দিয়ে কোন রকম সংসার চালিয়ে আসছিলাম। এ অবস্থ্য়া সন্ত্রাসীরা পূর্ব শত্রুতার জের ধরে তার মুদির দোকানটি আগুনে পুড়ে দিয়েছে। দোকান ঘরে আগুন দেওয়ার বিষয়টি জানাজানি হলে স্থানীয় এলাকাবাসী এগিয়ে আসে। পরে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হলেওন সব মালামাল পুড়ে গেছে। এতে দোকানের চার লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে।
সাবেকুন নাহার আরও বলেন, গত ২৫ ডিসেম্বর বিকালে বাদী হয়ে চকরিয়া থানায় একটি এজাহার দিয়েছি। মামলায় খুটাখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাশকাটা এলাকার মৃত নুরুল হোছনের পুত্র জালাল উদ্দিন প্রকাশ ধলা মিয়া, আনোয়ার হোছাইন ও মৃত মোক্তার আহমদের পুত্র সাহাব উদ্দিনকে আসামী করা হয়েছে।
খুটাখালী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার নুরুল আজিম বলেন, অভিযুক্ত আসামিরা এলাকায় বেপরোয়া হয়ে উঠেছেন। তাদের কারণে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। সাধারণ মানুষের চিংড়িঘের ও জায়গা জমি দখল করা এসব সন্ত্রাসীদের নিয়মিত ব্যাপার হয়ে দাড়িয়েছে।
একইভাবে গত ৫ডিসেম্বর দুপুরে দক্ষিণ ফুলছড়ি নদীর তীরে সাবেক মেম্বার জহির উল্লাহর জমিতে অবৈধ সেলো মেশিন বসিয়ে বালু উত্তোলন করে। আমি ঘটনাস্থলে গিয়ে তাদেরকে বাঁধা দিই। এসময় তারা আমার সঙ্গে থাকা চাচাতো ভাই মাহাবুবুল আলম (৩২), বাক ও শ্রবন প্রতিবন্ধি ভাই শাহ্জাহানকে (৪০) হত্যার উদ্দেশ্য ছুরিকাঘাতে জখম করে। ঘটনার খবর পেয়ে আমার বৃদ্ধ মা ফাতেমা বেগম (৭০) উদ্ধারে এগিয়ে আসলে তাকেও মারধর করে অভিযুক্তরা।
স্থানীয় এলাকাবাসীরা জানান, জালাল উদ্দিন, আনোয়ার হোছাইন ও সাহাব উদ্দিনের নেতৃত্বে ১০-১৫ জনের একটি গ্রুপ রয়েছে। দীর্ঘদিন ধরে নানা অপরাধ করে দাপিয়ে বেড়াচ্ছেন। তারা এলাকায় দখল বেদখল, লবণ মাঠ চিংড়ি ঘেরে হামলা পাশাপাশি এলাকার নিরীহ পরিবারের উপর সীমাহীন জুলুম নির্যাতন চালাচ্ছেন। তাদের বিরুদ্ধে আগে থেকে একাধিক মামলা রয়েছে। তদমধ্যে চকরিয়া থানার মামলা (নং ৫৫), চকরিয়া আদালতের সিআর মামলা (নং ২৪৩-২২), কক্সবাজার সদর থানার মামলা (নং ১৭-২০), সিআর মামলা (নং ১১২৯-১৯) অন্যতম। এমনকি নতুনভাবে এলাকার কেউ তাদের বিরুদ্ধে অভিযোগ করলেও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ নিচ্ছে না। এতে তাঁরা আরো বেপরোয়া হয়ে উঠেছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী বলেন, খুটাখালীতে মুদির দোকান পুড়ার বিষয়টি কেউ জানায়নি। তবে ক্ষতিগ্রস্থ পরিবার অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




