মোঃ রেজাউল করিম, ঈদগাঁও: ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের ধমকা বিল থেকে ফসলী জমির টপ সয়েল কেটে নিচ্ছে সঙ্ঘবদ্ধ দুর্বৃত্তরা। ডজনাধিক ভেকু মেশিন (এক্সেভেটর) ও শতাধিক ডাম্পার ট্রাক নিয়ে রাতদিন সমানতালে চলছে এ টপ সয়েল কাটা। এতে ক্ষতবিক্ষত ও বিরানভূমিতে পরিণত হয়ে হুমকির মুখে পড়েছে জেলার শষ্য ভান্ডার খ্যাত ধমকা বিল। ক্রমাগত টপ সয়েল কাটার ফলে জমির উর্বরা শক্তি কমে যাওয়ায় শষ্য উৎপাদন কমে যাবে বলে জানিয়েছেন কৃষকরা। এতে এতদাঞ্চলে খাদ্য ঘাটতির আশংকা করছেন এলাকাবাসী।
সরেজমিন গিয়ে দেখা যায়, ধমকা বিলের অন্ততঃ চার পয়েন্টে ১০/১২ টি এক্সেভেটর দিয়ে মাটি কাটা হচ্ছে। ঈদগাঁও রাবারড্যাম রাস্তার মাথার অদুরবর্তী বিল ও পালাকাটা রেলক্রসিং এর পশ্চিমে এক্সেভেটর দিয়ে টপসয়েল কেটে নিচ্ছে। এছাড়াও দক্ষিণ লরাবাক-মোহনবিলা সংযোগ সড়কের দু’ পাশের বিলে ডজনখানেক এক্সেভেটর দিয়ে টপ সয়েল কাটা হচ্ছে। টপ সয়েল কেটে নেয়ায় জেলার শষ্য ভান্ডার খ্যাত ধমকা বিল পরিণত হচ্ছে বিরাণ ভূমিতে। এভাবে টপ সয়েল লুটের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল।কিন্তু কোন কিছুর তোয়াক্কা না করে রাতেও শক্তিশালী ফ্লাডলাইট জালিয়ে টপ সয়েল কাটা অব্যাহত রয়েছে। ফসলী জমি থেকে দিনরাত কেটে নেয়া এসব টপ সয়েল শতাধিক ডাম্পার ট্রাকযোগে নেয়া হচ্ছে।
এলাকাবাসী জানান, আইনের তোয়াক্কা না করে জালালাবাদ ইউনিয়নের পূর্ব ফরাজী পাড়ায় লোকালয়ের মাঝে ও ঘনবসতিপূর্ণ এলাকার পাশে আবাদী জমিতে টপ সয়েল কাটার মহোৎসব চলছে। স্হানীয় জনগোষ্ঠীর জন্য স্বাস্হ্যগত হুমকি সৃষ্টি করলেও সবসময় ধরা ছোঁয়ার বাইরে থেকে গেছে টপ সয়েল লুটপাটকারীরা।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজার এর উপ পরিচালক হাফিজুর রহমান ফোন রিসিভ না করায় এ ব্যাপারে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকারিয়া বলেন, ফসলী জমি থেকে টপসয়েল কাটা বন্ধ করতে এ উপজেলার বিভিন্ন স্হানে রাতেও অভিযান পরিচালনা করা হয়েছে। টপসয়েল কাটা বন্ধে ফের অভিযান পরিচালনা করা হবে।




