প্রেস বিজ্ঞপ্তি: পটিয়া থানাধীন পাঁচরিয়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ধর্মপ্রাণ উপাসক প্রয়াত সতীশ বড়ুয়ার ৫ম সন্তান অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ভবতোষ বড়ুয়া গতকাল শুক্রবার (২৩ ডিসেম্বর) পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর। তিনি জন্মগ্রণ করেন ২ মে ১৯৪২ সালে। তিনি ১৯৬৩ সালে এস.এস.সি, ১৯৬৫ সালে এইচ.এস.সি পাশ করার পর পাঁচরিয়া জুনিয়র গালর্স স্কুলে শিক্ষক হিসেবে নিযুক্ত হন।
এরপর ১৯৬৮ সালে শাকপুরা আজগর আলী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। স্বাধীনতা যুদ্ধের পর বি.কম পাশ করেন। ১৯৭৩ সালে প্রবর্তক বিদ্যাপীঠে সিনিয়র শিক্ষক হিসেবে যোগদান করেন এবং প্রবর্তক শিশু সদন হোস্টেলে সুপারেনটেন্ড হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৮ সালে প্রবর্তক শিশু সদনে আজীবন সদস্যপদ গ্রহণ করেন। তিনি ঢাকা থেকে শিক্ষায় প্রশিক্ষণ নেন। অত:পর ১৯৮০ সালে বিএ.বি.এড ডিগ্রী লাভ করেন। ১৯৮৪ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা পরীক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। ১৯৮৯ সালে কুমিল্লা বোর্ড এর প্রধান পরীক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।
১৯৯৫ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম প্রধান পরীক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তিনি দীর্ঘ ৪০ বছর সফলতার সাথে শিক্ষকতা জীবন শেষ করে ২০০৫ সালে ফেব্রুয়ারি মাসে প্রবর্তক বিদ্যাপীঠ হতে অবসর গ্রহণ করেন। তিনি আরও আর্থ-সামাজিক কার্যক্রমসহ পাঁচরিয়া গন্ধকুটির বিহারের অধীনে মিতালী সংঘের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। তিনি সংসার জীবনে চার কন্যা ও ২ সন্তানের জনক ছিলেন। তার স্ত্রী পারমিতা বড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে ২০১৮ সালে অবসর গ্রহণ করেন। তার ছেলেমেয়েরা সবাই উচ্চ শিক্ষিত। চার কন্যাগণ সকলেই বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেন। অনিত্যসভায় বক্তারা স্মৃতিচারণের মাধ্যমে উপরোক্ত বিষয়ে আলোচনা করেন।
স্মৃতিচারণে আরো বলেন, অত্র এলাকার ধনী দরিদ্র কোন অসহায় রোগী রোগ মুক্তির জন্য চট্টগ্রাম মেডিকেলে ডাক্তারের সহযোগিতা এবং সীট প্রদানে সহযোগিতাসহ নিরবে তিনি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে সাহায্য সহযোগিতা করে গেছেন। এই মহান মানুষ গড়ার কারিগর শিক্ষককে হারিয়ে অনেকইে ব্যথিত। সকলে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
অনিত্য সভায় সভাপতিত্ব করেন বৌদ্ধ ভিক্ষু মহাসভার মাননীয় সংঘনায়ক ও চান্দগাঁও সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ বনশ্রী মহাথের।
প্রধান অতিথি ছিলেন বৌদ্ধ ভিক্ষু মহাসভার উর্ধ্বতন সহ -সভাপতি ও বাথুয়া হিতসাধনী বিহারের অধ্যক্ষ শীলভদ্র মহাথের, প্রধান ধর্মদেশক ছিলেন বৌদ্ধ ভিক্ষু মহাসভার উর্ধ্বতন সহ -সভাপতি ও রাউজান জ্ঞাননন্দ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ জ্ঞাননন্দ মহাথের।
অনিত্যসভা উদ্বোধন করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব ও পাঁচরিয়া গন্ধকুঠি বিহারের অধ্যক্ষ শ্রীমৎ বোধিমিত্র মহাথের।
স্মৃতিচারণ করেন ঊনাইনপুরা লঙ্কারাম বিহারের অধ্যক্ষ বোধিমিত্র মহাথের, সংঘরত্ন মহাথের, সংঘমিত্র মহাথের, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও সংগঠক জে.বি.এস আনন্দবোধি থের, শীলপাল থের, শান্তবোধি থের, প্রজ্ঞামিত্র থের, সুমেধানন্দ ভিক্ষু, স্বরূপানন্দ ভিক্ষু, আনন্দপ্রিয় ভিক্ষু সহ আরো অনেকে স্মৃতিচারণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. দীপঙ্কর শ্রীজ্ঞান বড়ুয়া।
আগামী ২৭ ডিসেম্বর মঙ্গলবার এই মহান শিক্ষাবিদ ব্যক্তির সাপ্তহিক ক্রিয়ায় অষ্ট উপকরণসহ সংঘদান সু-সম্পন্ন করা হবে। এতে মাননীয় মহান ভিক্ষুসংঘ ও পুন্যার্থী জ্ঞাতিস্বজনকে উপস্থিত থেকে প্রয়াত শিক্ষক ভবতোষ বড়ুয়ার পারলৌকিক সদ্গতি সুখ শান্তি কামনায় পুণ্যদান ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার আহ্বান জানিয়েছেন।




