চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : গরু ও মহিষ চুরির মামলায় চকরিয়া উপজেলা সাহারবিল ইউপির আলোচিত চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আবুল মনসুর সিদ্দিকী তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, গরু ও মহিষ চুরির অভিযোগে নবী হোছাইন চৌধুরীর বিরুদ্ধে মহেশখালী থানায় দুটি মামলা রয়েছে। গরু ও মহিষ চুরির বিষয়টি তদন্তে উঠে আসে। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা নবীর বিরুদ্ধে চার্জশীট দেন। এরপর তিনি উচ্চ আদালতের জামিনে ছিলেন। মেয়াদ শেষে আজ বৃহস্পতিবার নিন্ম আদালতে আত্মসমর্পণপূর্বক জামিন আবেদন করেন নবী হোছাইন চৌধুরী। আবেদন নামঞ্জুর করে বিচারক তাকে কারাগারে পাঠান।
কক্সবাজার চীফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি এডভোকেট নজরুল ইসলাম খান জানান,সাহারবিল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরীর বিরুদ্ধে ২০২১ সালে মহেশখালী থানায় গরু ও মহিষ চুরির অভিযোগে দুটি মামলা রয়েছে। ওই মামলায় নবীর হোছাইনের বিরুদ্ধে চার্জশীটও দেন তদন্তকারী কর্মকর্তা।
সম্প্রতি নবী হোছাইন চৌধুরী উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জন্য জামিন নেন। ১৫ ডিসেম্বর ইউপি চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন চাইলে ম্যাজিস্ট্রেট আবুল মনছুর সিদ্দিকী জামিন না মঞ্জর করে জেলহাজতে প্রেরণ করেন।




