মিজবাউল হক, চকরিয়া : কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে মারা পড়েছে প্রায় ৩২ বছর বয়সী সৈকত বাহাদুর নামে একটি পুরুষ হাতি। গত সোমবার বিকেল চারটার দিকে খাবার খাওয়ার সময় পার্কের ভিতরে হাতির গোদা নামক স্থানে এটি মারা পড়ে।
পার্ক কর্তৃপক্ষ জানায়, গত সোমবার বিকেলে চারটার দিকে পার্কের হাতির গোদায় খাবার (কলাগাছ) আহণরত অবস্থায় হঠাৎ মাটিয়ে লুটিয়ে পড়ে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সমর রঞ্জন বড়ুয়া ও পার্কের ভেটেরিনারী সার্জন হাতেম সাজ্জাদ জুলকার নাইনকে সাথে নিয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হাতিটির শরীর পরীক্ষা-নিরীক্ষা করেন। ধারণা করা হচ্ছে সৈকত বাহাদুর নামক পার্কের এই হাতিটি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে।
এই তথ্য নিশ্চিত করে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সমর রঞ্জন বড়ুয়া জানান, মানুষের মতো প্রাণীরাও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়। মনে হয় আগে থেকেই হাতিটির হার্টে একটু সমস্যা ছিল। যার কারণে হাতিটির হঠাৎ মৃত্যু হয়। অবশ্য শরীরের অন্য কোথাও কোন ধরণের আঘাতের দাগ দেখা যায়নি। তিনি বলেন, হাতিটির ময়নাতদন্ত কার্যক্রম সম্পন্ন করা হয়। নমুনা সংগ্রহ করে ঢাকায় ল্যাবে পাঠানো হবে।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত তত্ত¦বাধায়ক মো. মাজহারুল ইসলাম বলেন, সোমবার বিকেল চারটার দিকে পার্কের হাতির গোদায় প্রতিদিনের মতোই কলাগাছ খাওয়ানো হয়। পরে হাতিটি মাটিতে লুটিয়ে পড়েছে।
পার্ক তত্বাবধায়ক মাজহারুল ইসলাম আরও জানান,বর্তমানে সাফারি পার্কে ছোট-বড় পাঁচটি হাতি রয়েছে। তন্মধ্যে টেকনাফের বনাঞ্চল থেকে উদ্ধার হওয়া হাতিশাবক যমুনা এবং বার্ধক্যের ভারে জর্জরিত হাতি রংমালাও রয়েছে।
পুরুষ হাতি মারা যাওয়ার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী রুজু করা হয়েছে। একইসাথে বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়। সোমবার দিবাগত রাত ৯টার দিকে হাতিটিকে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।



