চকরিয়া অফিস : কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের অভিযানে অন্যের জমি জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গিয়াস উদ্দিন নামের একব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার রাত আনুমানিক নয়টার দিকে চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের দক্ষিণ লক্ষ্যারচর ফুলতলাস্থ নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত গিয়াস উদ্দিন চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের দক্ষিণ লক্ষ্যারচর এলাকার আবদুল আলীমের ছেলে।
থানা পুলিশ জানিয়েছে, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অন্যের জমির বিপরীতে জাল খতিয়ান সৃজন, অনাপত্তিপত্র তৈরি করে ওই জমি বিক্রির মাধ্যমে বিপুল টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গিয়াস উদ্দিনসহ দুইজনের বিরুদ্ধে ভুক্তভোগী জমি মালিক চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের শমসেরপাড়া এলাকার নুরুল ইসলাম বাদি ২০২১ সালের ৯ জুন চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি সিআর মামলা (নং ৭০১/২১) রুজু করেন।
বাদির আইনজীবী এডভোকেট আবু ছালেহ বলেন, আমার মক্কেল নুরুল ইসলাম চকরিয়া পৌরসভার চিরিঙ্গা মৌজার বেশকিছু জমির মালিক। অভিযুক্ত আসামিরা পরস্পর যোগসাজশে আমার মক্কেল নুরুল ইসলামের স্বাক্ষর জাল করে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার ভুমির অফিসে অনাপত্তিপত্র দেখিয়ে বাদির নামীয় খতিয়ান থেকে ৮ একর জমি তাদের নামে লিপিবদ্ধ করে নেন। এ ঘটনায় ভুক্তভোগী জমি মালিক নুরুল ইসলাম বাদি হয়ে
ইতোপূর্বে অভিযুক্ত গিয়াস উদ্দিনসহ দুইজনের বিরুদ্ধে আদালতে সিআর মামলাটি রুজু করেন। এরই প্রেক্ষিতে আদালতের বিচারক বাদির মামলাটি আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন দিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কক্সবাজারের পুলিশ সুপারকে নির্দেশ দেন।
আইনজীবী এডভোকেট আবু ছালেহ বলেন, দীর্ঘ তদন্ত শেষে সিআইডি পুলিশ কক্সবাজারের পরিদর্শক মাহফুজুর রহমান সম্প্রতি আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এতে অপকর্মের হোতা গিয়াস উদ্দিনসহ সহযোগিদের বিরুদ্ধে জমি মালিক নুরুল ইসলামের স্বাক্ষর জালিয়াতি এবং অনাপত্তিপত্র তৈরি করার বিষয়টি সত্য বলে উল্লেখ করেন। এরই আলোকে আদালতের বিচারক মামলার আসামি গিয়াস উদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে। পুলিশ ওই মামলার পরোয়ানামুলে শনিবার রাতে অভিযান চালিয়ে বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, আসামি গিয়াস উদ্দিনকে জালিয়াতির মামলায় গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।




