চকরিয়া অফিস :কাকারা ইউনিয়ন পরিষদের তিন ইউপি সদস্যদের নেতৃত্বে ফসলী জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রেখেছে। তারা কোন আইনকে তোয়াক্কা করছে না। চালিয়ে যাচ্ছে পরিবেশ বিধ্বংসী কাজ। শুক্রবার বিকালে ভ্রাম্যমান আদালত অভিযান চালালেও আজ শনিবার (২৬ নভেম্বর) সকাল থেকে বালু উত্তোলন অব্যাহত রেখেছেন ইউপি সদস্যরা। অবৈধ বালু উত্তোলন বন্ধ না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান।
স্থানীয়রা জানান, চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কামারপাড়া নদীর জেগে উঠা চরে অর্ধশতাধিক কৃষক শীতকালীন সবজি ও মৌসুমী ভিত্তিক ফসলের চাষ করে জীবিকা নির্বাহ করতেন। জেগে উঠা চরে অনেক কৃষকের খতিয়ানভূক্ত জমিও রয়েছে। আশপাশের নদীর চরে বাদাম, সীম, মরিচ, বেগুন, টমোটো, ফেলন ও মুলা চাষ করেছে কৃষকরা। ওই এলাকার কৃষক পরিবার গুলো ফসল উৎপাদন করে সংসার চালাতেন। সম্প্রতি এসব জমিতে লোলুপ দৃষ্টি পড়ে কাকারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলামসহ আরও দুই মেম্বারের। ওইস্থান থেকে অবৈধভাবে বালু ব্যবসা করার জন্য ৭নং ওয়ার্ডের নাসির উদ্দিন নাসু ও ৯নং ওয়ার্ডের আবু নঈম রুমিকে নিয়ে শফিক মেম্বার একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন। শফিক মেম্বার ওই ওয়ার্ডের বিএনপির সভাপতির দায়িত্বও রয়েছেন। এ সিন্ডিকেটটি কৃষকের অসহায়ত্বের সুযোগ নিয়ে স্কেভেটর দিয়ে ফসলী জমি থেকে বালু উত্তোলন করছেন। প্রতিদিন অর্ধ-শতাধিক ডাম্পার ট্রাক দিয়ে বালু উত্তোলন করে বিভিন্নস্থানে বিক্রি করছেন। বালু উত্তোলনের কারণে ব্যাপক ফসলের ক্ষতি হয়েছে। তাছাড়া বালু ভর্তি ডাম্পার গাড়ি চলাচালের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে আভ্যন্তরীণ সড়ক গুলো। রাস্তায় সৃষ্টি হচ্ছে ধুলো বৃষ্টি। ফলে রাস্তায় চলাচলকারী পথচারী ও স্কুলগামী শিক্ষার্থীরা চরম দূর্ভোগে পড়েছে।
স্থানীয় কৃষক নুরুল কবির, মকছুদ আহমদ, নুর খান, এমরানুল হক জানান, পরিবারের কিছু কৃষিজমি রয়েছে। কৃষি কাজ করে পরিবার চালাচ্ছি। ওই জমিতে এবারে বাদাম, বেগুন, মরিচ, ফেলন, টমোটো ও মুলা চাষ করেছি। কিন্তু হঠাৎ করে কৃষি জমির ফসল ঘরে তুলতে দিচ্ছে না। ফসল তোলার আগে বালু উত্তোলন করছে কাকারা ইউনিয়নের তিন ইউপি সদস্য।
তারা আরও বলেন, জমি থেকে গভীরভাবে খনন করে বালু উত্তোলন করায় আশপাশের জমি ভেঙে পড়ছে। প্রতিদিন অর্ধ শতাধিক পিকআপ গাড়ি সড়ক গুলোতে চলাচল করায় ভেঙ্গে যাচ্ছে। কৃষকরা সব সময় আতঙ্কে থাকেন কখন কার জমি ভেঙে পাশের গর্তে পড়ে। এভাবে অন্তত অর্ধ-শতাধিক কৃষকের চাষী জমি দখল করে বালু উত্তোলন করছেন তারা। চাষে বিনিয়োগ করা টাকা ঘরে তুলতে পারছে না কৃষকরা। স্কেভেটর দিয়ে বালু উত্তোলন করায় নদীর দু’ধারের জমি, ঘর-বাড়ি ও গাছপালা ক্ষতিগ্রস্থ হচ্ছে। নদীতে বিলিনের আশঙ্কা দেখা দিয়েছে। ফলে আগামী বর্ষা মৌসুমে দু’পাড় ভেঙে মাতামুহুরী নদীর মূল মানচিত্র পরিবর্তন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
অবৈধ বালু উত্তোলনকারী তিন ইউপি সদস্য সহ ৫ জনের নাম উল্লেখ করে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় কৃষকরা। অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতউজ্জামানের নেত্বত্বে অভিযান পরিচালনা করা হয়েছে। ওইসময় বালু দস্যুরা পালিয়ে যায়। এদিকে ভ্রাম্যমান আদালত অভিযান চালানোর পরদিন শনিবার সকাল থেকে আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে শফিক মেম্বার নেতৃত্বে আবারও বালু উত্তোলন অব্যাহত রেখেছেন।
অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রাখার কথা স্বীকার করেছেন কাকারা ইউপির ৮নং ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম। তিনি বলেন, এসব পেপারে লিখে কী লাভ হবে? সাংবাদিকদের কাজ কী? বিভিন্ন জায়গায় টাকা দিয়ে বালু তোলার কথা জানান তিনি।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান বলেন, মাতামুহুরী নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধ বালুমহালে অভিযান চালানো হয়েছে। কাকারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কামারপাড়ায় অভিযান চালানো হয়েছে। বেশকিছু মালামাল জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় বালু দস্যুরা পালিয়ে যায়। আবারও অভিযান চালানো হবে। অবৈধ বালু উত্তোলন বন্ধ না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।




