বশির আহাম্মদ,বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের আলীকদম উপজেলায় মিনিট্রাকের (ডাম্পার) চাকায় পিষ্ট হয়ে তৃষা মনি নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু আলীকদম উপজেলার তারাবুনিয়া এলাকার জাহেদ ইসলাম ও নার্গিস আক্তারের মেয়ে।আজ সোমবার (২১ নভেম্বর) দুপুর একটার দিকে আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে চকরিয়া হতে আলীকদম গামী একটি ড্রাম্পার ট্রাক দ্রুত গতিতে আসছিল। বাচ্চাটি রাস্তা পার হওয়ার সময় তারাবুনিয়া এলাকায় ডাম্পারটি শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাকের ড্রাইভার আবদুল হামিদ আলীকদমের সদর ইউনিয়নের থানা পাড়ার বাসিন্দা। ডাম্পার গাড়ির নং- চট্টমেট্রো- য়-৬১৭৭। গাড়ির মালিক মো. আবু হানিফ, তিনি আলীকদম সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড মোস্তাক পাড়া বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মোহাম্মদ নাছির উদ্দীন সরকার জানান, দুর্ঘটনাকারী গাড়িটিকে আটক করার জন্য আলীকদম থানা কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করছে। এই ঘটনায় অপমৃত্যুর মামলার কার্যক্রম চলমান রয়েছে এবং সুরতহাল শেষে লাশটি ময়নাতদন্ত করার জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হবে৷#



